পীরগাছায় মাদকবিরোধী বর্ণাঢ্য র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ
২৯ সদস্যের নতুন মাদকবিরোধী প্রতিরোধ কমিটি ঘোষণা
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
“মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এবং “খেলাধুলায় বাড়ে বল, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় মাদকবিরোধী সচেতনতামূলক র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সুস্থ-সুন্দর সমাজ গড়ে তোলার লক্ষ্যে ইটাকুমারী ইউনিয়নের মাদকবিরোধী প্রতিরোধ কমিটি এ আয়োজন করে।
শনিবার বিকেলে ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলোতে বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়। স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মাদকবিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড হাতে র্যালিতে অংশ নেন। র্যালিটি এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে এলাকার বিবাহিত একাদশ ও অবিবাহিত একাদশ পরস্পরের মুখোমুখি হয়। টানটান উত্তেজনাপূর্ণ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শকের সমাগম ঘটে। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়।
খেলা শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন। সংগঠনের সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিটির প্রধান উপদেষ্টা মো. শরিফুল ইসলাম (ডালেজ)।
প্রধান অতিথির বক্তব্যে মো. শরিফুল ইসলাম বলেন, তরুণ সমাজকে মাদকের ভয়াল থাবা থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি তরুণদের নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের সঙ্গে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
আলোচনা শেষে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেনকে সভাপতি এবং মো. আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ইটাকুমারী ইউনিয়ন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির ২৯ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মো. আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আইয়ুব হোসেন, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মাহবুব রহমান, আব্দুল মজিদ মিয়া ও হাবিবুর রহমান সুজন।
এ ছাড়া স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যাংকার, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন কমিটির সহ-সভাপতি মো. হাচ্ছান সরকার, সহকারী সাধারণ সম্পাদক প্রভাষক মো. রেজওয়ান মিয়া, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. মন্নাফ হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (সাগর) ও পুনর্বাসন সম্পাদক মো. আরিফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।
অনুষ্ঠানের শেষপর্বে অতিথিরা ফুটবল ম্যাচে অংশ নেওয়া বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।
