রহমতখালী খাল পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান: মরা খাল ফিরে পাওয়ায় খুশি লক্ষ্মীপুরবাসী।

IMG_20260908_195113

​মোহাম্মদ, নুরুল ইসলাম, লক্ষীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা শহরের জলাবদ্ধতা নিরসন এবং পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক করতে রহমতখালী খাল এর শাখা-প্রশাখায় এক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে। গত শুক্রবার পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজ উদ্যোগে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষকে সাথে নিয়ে খালের আবর্জনা পরিষ্কার ও নাব্যতা ফেরানোর এ কার্যক্রম শুরু করেন। দীর্ঘদিন পর শহরবাসীর দুঃখ বলে পরিচিত এই ‘মরা খাল’ প্রাণ ফিরে পাওয়ায় আনন্দে উচ্ছ্বসিত লক্ষ্মীপুর সদরবাসী।
​অভিযানকালে উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পলি জমা ও বর্জ্য ফেলার কারণে রহমতখালী খালটি তার স্বাভাবিক নাব্যতা হারিয়ে ফেলেছিল। ফলে সামান্য বৃষ্টিতেই পৌর শহর ও আশপাশের এলাকায় মারাত্মক জলাবদ্ধতার সৃষ্টি হতো।

এ পরিস্থিতি থেকে উত্তরণে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি নিজে খালের পাড়ে নেমে পরিচ্ছন্নতা কাজের তদারকি করেন এবং সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।


​এ কর্মসূচিতে লক্ষ্মীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তোফাজ্জল হোসেন রতন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফ মাহমুদ কাজল এবং যুগ্ম-আহ্বায়ক মোহাম্মদ হোসেন আবির সহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সর্বস্তরের সাধারণ জনগণ সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।


​খাল পরিষ্কার কার্যক্রমে সন্তোষ প্রকাশ করে স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন পর এ ধরনের বাস্তবমুখী পদক্ষেপ তাদের জলাবদ্ধতার ভোগান্তি থেকে মুক্তি দেবে। মন্ত্রী নিজে মাঠে নেমে খালের প্রাণ ফিরিয়ে আনার উদ্যোগ নেওয়ায় তারা আনন্দিত ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।


​অনুষ্ঠান শেষে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুর শহরের পরিবেশ রক্ষা ও জলাবদ্ধতা দূর করতে রহমতখালী খালসহ সকল শাখা খাল দখলমুক্ত ও পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার এই ধারাবাহিক উদ্যোগ অব্যাহত থাকবে। তিনি খাল রক্ষায় শহরবাসীকে সচেতন হওয়ার এবং খালে বর্জ্য না ফেলার আহ্বান জানান।

Reporter: