লক্ষ্মীপুরে বিদ্যুৎ সাশ্রয়ে অভিযান, ব্যবসায়ীদের সচেতন করল প্রশাসন
মোহাম্মদ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার, লক্ষ্মীপুর।
বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার (১৯ আগস্ট ২০২৬) সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত দোকান, শপিংমল ও মার্কেট খোলা রাখা এবং রাত ৮টার পর খাবার ও ওষুধের দোকান ছাড়া অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ অভিযান পরিচালিত হয়।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে লক্ষ্মীপুর জেলা প্রশাসনের জারিকৃত গণবিজ্ঞপ্তি অনুযায়ী প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুল ইসলামের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকারি নির্দেশনা যথাযথভাবে মেনে চলার আহ্বান জানানো হয়। পাশাপাশি বিদ্যুৎ সাশ্রয়ের গুরুত্ব তুলে ধরে ব্যবসায়ী ও সাধারণ মানুষকে সচেতন করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রাত ৮টার পর খাবারের হোটেল ও ওষুধের দোকান এ নির্দেশনার আওতামুক্ত থাকবে।
এদিকে স্থানীয় সাধারণ মানুষের কেউ কেউ বলেন, শুধু দোকানপাট বন্ধ রাখার পাশাপাশি ব্যাটারিচালিত অটোরিকশার ব্যবহার নিয়ন্ত্রণ করা হলে বিদ্যুৎ সাশ্রয়ে আরও কার্যকর ভূমিকা রাখা সম্ভব হতে পারে।
অভিযান চলাকালে জেলা পুলিশ ও বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) প্রতিনিধি দল সার্বিক সহযোগিতা করেন।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বিদ্যুৎ সাশ্রয় ও সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিদ্যুৎ সাশ্রয়ে প্রশাসনের পাশাপাশি ব্যবসায়ী ও সাধারণ জনগণকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানানো হয়েছে।
