হাজীপাড়ায় এলাকাবাসীর পাহারায় দুই যুবক আটক, ৫১ পিস ইয়াবা উদ্ধার
গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর সদর উপজেলার পিরুজালী ইউনিয়নের হাজীপাড়া এলাকায় টানা তিনদিন চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পর এলাকাবাসী নিজেদের উদ্যোগে রাত জেগে পাহারা বসিয়েছেন। পাহারার একপর্যায়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করার সময় আসিক ও রিফাত নামে দুই যুবককে আটক করেন স্থানীয়রা। পরে তাদের কাছ থেকে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছেন এলাকাবাসী।
স্থানীয় সূত্রে জানা যায়, হাজীপাড়া এলাকায় পরপর তিনদিন চুরির ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতা দেখা দেয়। চুরি প্রতিরোধে এলাকাবাসী নিজেদের উদ্যোগে রাতের বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পয়েন্টে পাহারা বসান।
এরই ধারাবাহিকতায় পাহারার সময় দুই যুবকের সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন স্থানীয়রা। পরে তাদের আটক করে তল্লাশি চালালে ৫১ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে স্থানীয়দের দাবি।
ঘটনার বিষয়টি তাৎক্ষণিকভাবে জয়দেবপুর থানায় জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে এসআই সুজনের কাছে আটক দুই যুবককে হস্তান্তর করেন এলাকাবাসী।
স্থানীয়রা জানান, টানা চুরির ঘটনায় তারা চরম নিরাপত্তাহীনতায় ভুগছিলেন। তাই পুলিশ প্রশাসনের পাশাপাশি নিজেদের নিরাপত্তা নিশ্চিত করতে রাত জেগে পাহারা দেওয়ার সিদ্ধান্ত নেন। তাদের দাবি, এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগের কারণেই সন্দেহভাজন দুই যুবককে আটক করা সম্ভব হয়েছে।
এদিকে, ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। হাজীপাড়া এলাকায় চুরি, মাদক ও অন্যান্য অসামাজিক কর্মকাণ্ড প্রতিরোধে নিয়মিত পুলিশি টহল জোরদারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। একই সঙ্গে মাদক ব্যবসা ও মাদকসেবনের বিরুদ্ধে সামাজিকভাবে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তারা।
ঘটনার বিষয়ে জয়দেবপুর থানার পুলিশের বিস্তারিত বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রতিবেদনে যুক্ত করা হবে।
