কাউনিয়া কলেজে ওরিয়েন্টেশনের মধ্য দিয়ে একাদশ শ্রেণির ক্লাস শুরুনবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ, নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধ চর্চার আহ্বান
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
‘এসো হে নবীন, সবুজ চত্বরে—শিক্ষার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত হয়েছে। এর মধ্য দিয়ে কলেজটিতে নতুন শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির আনুষ্ঠানিক ক্লাস কার্যক্রম শুরু হলো।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কলেজের উপাধ্যক্ষ এ কে এম জোনাদে আহমেদ, ইউপি চেয়ারম্যান ও অভিভাবক আনসার আলী, কলেজের শিক্ষক প্রতিনিধি প্রভাষক সরকার সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কাউনিয়া কলেজ পরিচালনা পর্ষদের সম্মানিত সদস্য সরকার আবু ফেরদৌস মোঃ মহসীন (হীরা), ইসলামের ইতিহাস বিভাগের প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের প্রধান আব্দুল জলিল, আইসিটি বিভাগের প্রধান শাহ্ মো. ফকরুল ইসলাম রায়হান, কলেজ ছাত্রদলের সভাপতি আলিম নূর হোসেন, শিক্ষার্থী রাফিয়া রায়হানসহ অভিভাবক, শিক্ষক, শিক্ষার্থী ও অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা নবাগত শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, উচ্চশিক্ষার প্রস্তুতির পাশাপাশি শিক্ষার্থীদের নৈতিকতা, মানবিক মূল্যবোধ, শৃঙ্খলা ও দায়িত্ববোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। শুধু ভালো ফলাফল নয়, সমাজ ও দেশের প্রতি দায়বদ্ধতা তৈরি করাও শিক্ষাজীবনের গুরুত্বপূর্ণ অংশ বলে তারা উল্লেখ করেন। বক্তারা বলেন, কলেজজীবন একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ গঠনের গুরুত্বপূর্ণ সময়। এ সময়ে নিয়মিত পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চর্চা করতে হবে। জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার জন্য নবীন শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানানো হয়।
কলেজ কর্তৃপক্ষ জানায়, নতুন শিক্ষার্থীদের নিয়মিত একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম, নৈতিক শিক্ষা ও পরিবেশবান্ধব কর্মকাণ্ডে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হবে। শিক্ষার্থীদের জ্ঞানার্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধসম্পন্ন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য।
অনুষ্ঠানের শুরুতে নবাগত শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়।
