কাউনিয়ায় উপজেলা মসজিদের বারান্দা থেকে বাইসাইকেল চুরি
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: রংপুরের কাউনিয়া উপজেলায় উপজেলা পরিষদ জামে মসজিদের বারান্দা থেকে একটি বাইসাইকেল চুরির ঘটনা ঘটেছে। শনিবার বিকেলে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা পরিষদ জামে মসজিদের পেশ ইমাম ও খতিব হাফেজ মাওলানা আব্দুল লতিফ খন্দকার মডেল মসজিদের খাদেম বিপ্লবের ভারতীয় বিএস ব্র্যান্ডের বাইসাইকেলটি সাময়িক ব্যবহারের জন্য নিয়ে মসজিদের বারান্দায় রেখে বাগানের পরিচর্যার কাজ তদারকি করছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে তিনি দেখতে পান, সাইকেলটি সেখানে নেই। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও এর কোনো সন্ধান পাওয়া যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলায় সম্প্রতি সাইকেল ও মোটরসাইকেল চুরির ঘটনা বেড়েছে। তবে এখন পর্যন্ত চুরি হওয়া কোনো মোটরসাইকেল উদ্ধার না হওয়ায় ভুক্তভোগীদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। একই সঙ্গে এলাকায় সিঁধেল চোরের উপদ্রবও বৃদ্ধি পেয়েছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
