কাউনিয়ায় বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শনে এসিল্যান্ড অংকন পাল

0
IMG_20260716_205027

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি : রংপুরের কাউনিয়া উপজেলার শহীদবাগ ইউনিয়নের সাব্দী গ্রামে অবস্থিত কাউনিয়া বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয় পরিদর্শন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংকন পাল।

বুধবার (১৫ জুলাই) বিকেলে বিদ্যালয়টি পরিদর্শনকালে তিনি শ্রেণিকক্ষের পাঠদান কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষা পরিবেশ, অবকাঠামোগত অবস্থা এবং প্রতিষ্ঠানের বিভিন্ন প্রশাসনিক নথিপত্র পর্যালোচনা করেন। এ সময় বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে শিক্ষক ও সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন এবং বিভিন্ন বিষয় খোঁজখবর নেন।

পরিদর্শন শেষে বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভায় অংকন পাল বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের জন্য নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের প্রতি মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে দায়িত্ব পালনের পাশাপাশি সরকারের নীতিমালা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুসরণ করে বিদ্যালয়ের কার্যক্রম পরিচালনা করতে হবে।

তিনি আরও বলেন, বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের শিক্ষা ও সার্বিক বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক, পরিচালনা কমিটি এবং স্থানীয় সমাজের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে সবাইকে আন্তরিকভাবে কাজ করারও আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *