পীরগাছায় জমি নিয়ে বিরোধে কৃষক পরিবারকে হুমকি, থানায় লিখিত অভিযোগপীরগাছা
(মঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি
:রংপুরের পীরগাছা উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধ ও পূর্ব শত্রুতার জেরে এক কৃষক ও তার পরিবারকে হাত-পা কেটে ফেলা ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী কৃষক মোঃ সাইফুল ইসলাম (৫৯) বাদী হয়ে চার প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে পীরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ইটাকুমারী ইউনিয়নের ইটাকুমারী গ্রামের বাসিন্দা মোঃ সাইফুল ইসলামের সাথে জমিজমা ও মামলা-মোকদ্দমা সংক্রান্ত বিষয় নিয়ে একই এলাকার মোঃ আব্দুস সাত্তার (৫০), মোঃ আব্দুল খালেক (৪৫), মোঃ হাসেন আলী (২৫) ও মোঃ সাইদুল ইসলামের (৪৭) দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। প্রতিপক্ষরা দীর্ঘদিন ধরে সাইফুল ইসলামের সম্পত্তি দখলের পাঁইতারা চালানোর পাশাপাশি প্রাণনাশের হুমকি দিয়ে আসছিল। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালতে সাইফুল ইসলাম একটি শান্তি-রক্ষা মামলা দায়ের করলে অভিযুক্তরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে।এরই জেরে গত ২৫ আগস্ট দুপুর অনুমান ১:০০ ঘটিকার সময় অভিযুক্তরা দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে সাইফুল ইসলামের বসতবাড়ির গেটের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এর প্রতিবাদ করলে অভিযুক্ত ১ নম্বর বিবাদী বাঁশের লাঠি নিয়ে আক্রমণ করে এবং ধাক্কাধাক্কি শুরু করে। ভুক্তভোগীদের চিৎকারে মোছাঃ সাজিয়া আফরিন (২৭) ও মোছাঃ করিমুন্নাহার (৫৭)-সহ স্থানীয় আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ঘটনাস্থল ত্যাগ করে। প্রস্থানকালে তারা সাইফুল ইসলাম ও তার পরিবারের সদস্যদের একা পেলে হত্যা করে লাশ গুম করা, পায়ের রগ কেটে দেওয়া এবং বসতবাড়ি থেকে উচ্ছেদের হুমকি দেয়।ভুক্তভোগী সাইফুল ইসলাম জানান, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে ও পরিবারের সাথে আলোচনা করায় অভিযোগ দাখিলে সামান্য বিলম্ব হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার অফিসার ইনচার্জ জানান, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
