খুলনার জিরো পয়েন্টের নতুন নাম ‘নজরুল চত্বর’
মো. আল-মাহফুজ শাওন, খুলনা:
খুলনার গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার ও পরিচিত স্থাপনা ‘জিরো পয়েন্ট’-এর নতুন নাম ‘নজরুল চত্বর’ ঘোষণা করা হয়েছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এ নামকরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
রোববার (১৬ আগস্ট) খুলনায় আয়োজিত এক অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী এ ঘোষণা দেন।
খুলনা মহানগরীর গুরুত্বপূর্ণ স্থানগুলোর মধ্যে জিরো পয়েন্ট অন্যতম। নগরীর বিভিন্ন সড়ক ও মহাসড়কের সংযোগস্থল হিসেবে দীর্ঘদিন ধরে স্থানটি ‘জিরো পয়েন্ট’ নামেই পরিচিত। এখন থেকে স্থানটি ‘নজরুল চত্বর’ নামে পরিচিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
সংস্কৃতিবিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এর অংশ হিসেবে দেশের ৬৪ জেলা ও প্রত্যন্ত অঞ্চলে নজরুলকে নিয়ে নানা আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া নজরুলের সাহিত্যকর্ম, সংগীত ও দর্শন নিয়ে গবেষণা জোরদারের পাশাপাশি আন্তর্জাতিক পর্যায়েও জাতীয় কবির সৃষ্টিকর্ম তুলে ধরার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।
সংশ্লিষ্টরা মনে করছেন, ‘নজরুল চত্বর’ নামকরণের মধ্য দিয়ে খুলনায় জাতীয় কবির স্মৃতি ও আদর্শকে আরও দৃশ্যমান করার সুযোগ তৈরি হবে। একই সঙ্গে নজরুলের সাম্য, মানবতা, অসাম্প্রদায়িকতা এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এদিকে খুলনার জিরো পয়েন্টের নাম ‘নজরুল চত্বর’ ঘোষণার খবর ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মধ্যেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। নাম পরিবর্তনের আনুষ্ঠানিক প্রক্রিয়া, চত্বরটির উন্নয়ন ও সৌন্দর্যবর্ধন এবং সেখানে নজরুলের স্মৃতি ও সাহিত্যকর্মকে কেন্দ্র করে ভবিষ্যতে কী ধরনের উদ্যোগ নেওয়া হবে—তা নিয়েও আগ্রহ তৈরি হয়েছে।
