কাউনিয়ায় সেচের দুই ট্রান্সফরমার চুরি, ভোগান্তিতে শতাধিক কৃষক

IMG_20260902_185000

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার পশ্চিম নিজপাড়া ও গংগানারায়ন মৌজার সীমান্তবর্তী এলাকায় পল্লী বিদ্যুতের সেচের দুটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাতে পৃথক সময়ে ট্রান্সফরমার দুটি চুরি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। এতে উদ্বেগের পাশাপাশি সেচ নিয়ে ভোগান্তিতে পড়েছেন শতাধিক কৃষক।

স্থানীয় গ্রাহক সারওয়ার আলম জানান, গংগানারায়ন এলাকার চুরি যাওয়া ট্রান্সফরমারটি দিয়ে আশপাশের কৃষিজমিতে সেচ কার্যক্রম পরিচালনা করা হতো। নিরাপত্তার জন্য ট্রান্সফরমারটি ঝালাই করে সিকল তালা দিয়ে রাখা হয়েছিল। তবে মঙ্গলবার রাতে দুর্বৃত্তরা ঝালাই ভেঙে ট্রান্সফরমারের ভেতরে থাকা তামার তারসহ মূল্যবান যন্ত্রাংশ খুলে নিয়ে যায়। চুরি যাওয়া ট্রান্সফরমারটির আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

নিজপাড়া গ্রামের সেচ গ্রাহক সিদ্দিক জানান, তার ব্যবহৃত সেচ ট্রান্সফরমারটিও মঙ্গলবার রাতে চুরি হয়েছে।

দুটি ট্রান্সফরমার চুরি হয়ে যাওয়ায় সংশ্লিষ্ট এলাকায় বিদ্যুৎ সরবরাহ ও সেচ কার্যক্রম ব্যাহত হয়েছে। ফলে বিপাকে পড়েছেন প্রায় শতাধিক ধানচাষি।

নিজপাড়া গ্রামের কৃষক প্রহলাদ চন্দ্র বলেন, “বৃষ্টির অভাবে সেচের ওপর নির্ভর করে ধান চাষ করেছি। এখন সেচ বন্ধ হয়ে গেলে শতাধিক কৃষকের ফসলের চরম ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে।”

পল্লী বিদ্যুৎ কাউনিয়া জোনাল অফিসের এজিএম (কম) বলেন, গংগানারায়ন গ্রাম থেকে সেচের একটি ট্রান্সফরমার চুরি হওয়ার খবর একজন গ্রাহক জানিয়েছেন। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এর আগেও এলাকায় বেশ কয়েকটি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। তবে এখন পর্যন্ত চোরচক্রকে শনাক্ত করা সম্ভব হয়নি।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিহাব উদ্দিন বলেন, “ট্রান্সফরমার চুরির বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আঃ হালীম বলেন, তদন্ত করে চুরি যাওয়া ট্রান্সফরমার প্রতিস্থাপনের চেষ্টা করা হবে। তিনি বলেন, “ট্রান্সফরমার ও বিদ্যুৎ সরঞ্জাম রাষ্ট্রীয় সম্পদ, যার মালিক জনগণ।”

এদিকে ট্রান্সফরমার চুরি বন্ধে এলাকায় পুলিশ ও পল্লী বিদ্যুতের যৌথ অভিযান জোরদার করার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষকরা। একই সঙ্গে চোরচক্রের হোতাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনারও দাবি জানান তারা।

Reporter: