কমলনগরে মাদকবিরোধী অভিযান অব্যাহত, আটক বেশ কয়েকজন

Screenshot_2026_0928_150555

মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুরের কমলনগরে মাদক, জুয়া ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে থানা পুলিশ। অভিযানের অংশ হিসেবে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে রাত ৮টার পর দোকানপাট, রাস্তার মোড়সহ বিভিন্ন স্থানে তাস, জুয়া, লুডু ও অনলাইনভিত্তিক গেমসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

ওসি ফরিদুল আলম বলেন, বর্তমান সময়ে উপজেলার একটি অংশের যুবসমাজ ও শিক্ষার্থীরা বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী রাখার পাশাপাশি মাদক, জুয়া ও অনলাইনভিত্তিক বিভিন্ন অপরাধ থেকে দূরে রাখতে পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।

তিনি আরও বলেন, অভিযানে আটক ব্যক্তিদের যাচাই-বাছাই করা হচ্ছে। যারা অপরাধের সঙ্গে জড়িত নন, তাদের ছেড়ে দেওয়া হবে। আর যারা অপরাধের সঙ্গে সম্পৃক্ত, তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অপরাধ দমনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য তিনি স্থানীয়দের প্রতি আহ্বান জানান।

এদিকে পুলিশের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ, তাস, জুয়া, লুডু ও বিভিন্ন অনলাইন গেমসকে কেন্দ্র করে কিশোর-যুবকদের একটি অংশ অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এতে এলাকার সামাজিক পরিবেশও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

স্থানীয়রা যুবসমাজকে অপরাধ থেকে দূরে রাখতে এবং কমলনগরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন।

Reporter: