ইসলামপুরে নাছিরকে কুপিয়ে জখম, জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি
মামুনুর রশীদ, প্রতিনিধি, ঈদগাহ, কক্সবাজার।
কক্সবাজার জেলা ঈদগাহ উপজেলার ইসলামপুর ইউনিয়নের মধ্যম নাপিতখালী এলাকায় নাছির আহমেদ নামে এক ব্যক্তিকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় ইউনিয়নের ডুলাফকির মাজার রাস্তার মাথায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আহতের পরিবারের সদস্যরা। আহত নাছির আহমেদ মধ্যম নাপিতখালী এলাকার রশিদ আহমেদের মেঝ ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে ভর্তি করা হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন। পরিবারের অভিযোগ, একদল দুর্বৃত্ত নাছির আহমেদের ওপর হামলা চালিয়ে তাকে কুপিয়ে আহত করে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে তার পরিবার। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, নাছির আহমেদ একজন নিরীহ ও শান্তিপ্রিয় ব্যক্তি। তার ওপর এ ধরনের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। হামলার সঙ্গে জড়িত ব্যক্তি বা ব্যক্তিরা যে-ই হোক, তদন্তের মাধ্যমে তাদের আইনের আওতায় এনে যথাযথ শাস্তির ব্যবস্থা করার দাবি জানানো হয়েছে। এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, ঘটনার বিষয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। সেখানে কাউকে পাওয়া যায়নি। হামলায় জড়িতদের আটকের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এদিকে আহত নাছির আহমেদের দ্রুত সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে তার পরিবার।
