কাউনিয়ায় হত্যা মামলায় ইউপি সদস্যকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর (কুটিরপাড়) এলাকায় হত্যা মামলায় স্থানীয় ইউপি সদস্য হায়দার আলীকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে এলাকাবাসী।
শনিবার (২৪ অক্টোবর)বিকালে উপজেলার বালাপাড়া ইউনিয়নের হরিচরণ লস্কর গ্রামে মাঠের পাড় এলাকায় এলাকাবাসীর পক্ষে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন আসামি ইউপি সদস্যের চাচা মোঃ জসিম উদ্দিন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন বলেন, হত্যা মামলার এজাহারে স্থানীয় ইউপি সদস্য হায়দার আলীকে ৮ নম্বর আসামি করা হয়েছে। অথচ ঘটনার সময় তিনি মসজিদে জামাতের সঙ্গে আসরের নামাজ আদায় করছিলেন। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে তারা দেখতে পান হত্যাকান্ডের শিকার ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। তিনি দাবি করেন, ওই সময় মসজিদে উপস্থিত অন্যান্য মুসল্লি ও আশপাশের দোকানদাররাও বিষয়টি দেখেছেন। তাই সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য নেওয়া হলে ঘটনার প্রকৃত তথ্য উদঘাটনে সহায়তা হতে পারে।
সংবাদ সম্মেলনে আরও দাবি করা হয়, বিগত স্থানীয় ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে নিহত ব্যক্তির ভাই নয়ন পরাজিত হওয়ার পর থেকে ইউপি সদস্য হায়দার আলীকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল বলে এলাকাবাসীর ধারণা। তাদের আশঙ্কা, এরই ধারাবাহিকতায় বর্তমান হত্যা মামলায় তাকে আসামি করা হয়েছে। বরং প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং কোনো নিরপরাধ ব্যক্তি যেন হয়রানির শিকার না হন, সেটিই তাদের প্রত্যাশা। সংবাদ সম্মেলনে সংশ্লিষ্ট প্রশাসন, পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি মামলাটি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করে অপরাধীদের আইনের আওতায় আনার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন স্থানীয় আব্দুল মজিদ, জয়নাল আবেদীন, ওসমান গনি, মাহবুবুর রহমান, মফিজ উদ্দিনসহ স্থানীয় নারী পুরুষরা উপস্থিত ছিলেন।
কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মন্ডল জানান, ইউপি সদস্য হায়দার আলী রতন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। মামলাটির তদন্ত চলমান রয়েছে। তদন্ত শেষে হত্যাকান্ডে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। পাশাপাশি, নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়টিও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। যদি কেউ সংশ্লিষ্ট না থাকেন, তাহলে অবশ্যই মামলা থেকে অব্যাহতি পাবেন।”
