কমলনগরে গণকবরের দাবিতে মানববন্ধন

IMG-20260817-WA0020

মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধি:

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় নদীভাঙনে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের জন্য গণকবরের ব্যবস্থা করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৭ আগস্ট) উপজেলার হাজিরহাট মাদ্রাসা গেটের সামনে সাংবাদিক রাকিব হোসেন কবিরের তত্ত্বাবধানে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে হাজিরহাট বাজারের ব্যবসায়ী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান, নদীভাঙনকবলিত এলাকার বাসিন্দা ও স্থানীয় সাংবাদিকরা অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা জাতীয় ইমাম সমিতির সভাপতি ও হাজিরহাট কেন্দ্রীয় জামে মসজিদের খতিব আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন, দৈনিক বাংলাদেশ সমাচারের সাংবাদিক জায়েদ হোসাইন, দৈনিক ঢাকা টিভি ও আজকের খবরের সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স হাজিরহাট শাখার ইনচার্জ জামাল উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, মেঘনা নদীর ভাঙনে কমলনগরের অনেক মানুষ বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের স্থায়ীভাবে বসবাসের জায়গাও নেই। ফলে পরিবারের কোনো সদস্য মারা গেলে মরদেহ দাফনের জন্য জায়গা পাওয়া নিয়ে তাদের মধ্যে উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

জাতীয় ইমাম সমিতির জেলা সভাপতি আলহাজ্ব হযরত মাওলানা গিয়াস উদ্দিন বলেন, কমলনগরের জনকল্যাণে গণকবর স্থাপনের দাবি জানিয়ে তিনি ইতোমধ্যে হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান এমপির কাছে আবেদন করেছেন। তিনি আশা প্রকাশ করেন, জনস্বার্থের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত কার্যকর উদ্যোগ নেবে।

সাংবাদিক জায়েদ হোসাইন বলেন, কমলনগরে একটি গণকবরের ব্যবস্থা করা হলে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মধ্যে স্বস্তি ফিরে আসবে। মৃত্যুর পর প্রিয়জনকে কোথায় দাফন করা হবে—এ নিয়ে তাদের দুশ্চিন্তা অনেকটাই কমবে।

সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম বলেন, নদীভাঙনে অনেক পরিবার ভিটেমাটি হারিয়ে আজ নিঃস্ব। তাদের বড় একটি দুশ্চিন্তা হলো, পরিবারের কেউ মারা গেলে মরদেহ দাফনের জন্য উপযুক্ত জায়গা কোথায় পাওয়া যাবে। তাই মানবিক দিক বিবেচনায় কমলনগরে দ্রুত একটি গণকবরের ব্যবস্থা করা প্রয়োজন।

মানববন্ধন থেকে বক্তারা কমলনগরের অসহায় ও নদীভাঙনকবলিত মানুষের স্বার্থে দ্রুত গণকবর স্থাপনের দাবি জানান। একই সঙ্গে স্থানীয় বিত্তবান ব্যক্তি, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসার আহ্বান জানান।

শেষে উপস্থিত সবাই গণকবর স্থাপনের দাবিতে ভবিষ্যৎ কর্মসূচি ও জনমত গঠনে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

Reporter: