উখিয়ায় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে এএসআইয়ের মরদেহ উদ্ধার

0
IMG-20260809-WA0021

কক্সবাজারের উখিয়ায় ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের একটি ওয়াশরুম থেকে রুবেল হোসেন (৩১) নামে এক এএসআইয়ের মরদেহ উদ্ধার করা হয়েছে।

শনিবার (৮ আগস্ট) ভোর আনুমানিক ৫টার দিকে ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পের ওয়াশরুম থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করা হয়। পরে সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের উপস্থিতিতে ওয়াশরুমের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার (৭ আগস্ট) বিকালের রোলকলে এএসআই রুবেল হোসেনকে অনুপস্থিত পাওয়া যায়। এরপর ক্যাম্পের সদস্যরা বিভিন্ন স্থানে তার সন্ধান করেন। তার মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

শনিবার ভোরে ক্যাম্পের বাবুর্চি শরীফ রান্নার কাজে যাওয়ার সময় ওয়াশরুমের দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। দরজায় ধাক্কা দিয়ে কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে ভেতরে তাকালে তিনি একজনকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। পরে ক্যাম্পের সদস্যরা নিশ্চিত হন, ভেতরে পড়ে থাকা ব্যক্তি এএসআই রুবেল হোসেন।

বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলে ইউনিটের অধিনায়ক সিরাজ আমিন, সংশ্লিষ্ট চিকিৎসক ও উখিয়া থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হন। পরে ভেতর থেকে বন্ধ থাকা স্টিলের দরজা কেটে রুবেল হোসেনের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, ওয়াশরুমের ভেতর থেকে তার ব্যবহৃত সিগারেট, গোসলের তোয়ালে, টর্চলাইট ও মোবাইল ফোন পাওয়া গেছে।

নিহত রুবেল হোসেনের বিপি নম্বর ৯৫১৪১৬৮০৩৬। তিনি ইরানি পাহাড় পুলিশ ক্যাম্পে এএসআই (স) হিসেবে কর্মরত ছিলেন।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ওয়াশরুম ব্যবহারের সময় অসুস্থ হয়ে পড়ে গিয়ে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তবে মৃত্যুর সঠিক কারণ সংশ্লিষ্ট চিকিৎসকের পরীক্ষা ও আইনগত তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *