কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মাতারবাড়িতে উন্নয়ন প্রকল্পের ব্রিফিং
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার ও চট্টগ্রাম জেলা সফরের অংশ হিসেবে কক্সবাজারে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
রোববার (৯ আগস্ট ২০২৬) সকাল পৌনে ১১টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি পাওয়ার প্লান্টের হেলিপ্যাডে অবতরণ করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাকে স্বাগত জানান।
পরে প্রধানমন্ত্রী মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষ (মিডা) অধিভুক্ত এলাকায় প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন প্রকল্প নিয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে অংশ নেন। ব্রিফিংয়ে কক্সবাজার ও মহেশখালীর চলমান ও প্রস্তাবিত বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পর্কে তাকে অবহিত করা হয়।
সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর, কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এবং মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) কার্যক্রম পরিদর্শন করবেন।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে কক্সবাজার ও মহেশখালী এলাকায় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
