কাউনিয়ায় ৭৫টি দুর্গাপূজা মণ্ডপের কমিটির সঙ্গে পুলিশের মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে রংপুরের কাউনিয়ায় উপজেলার ৭৫টি দুর্গাপূজা মণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে থানা পুলিশ।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে কাউনিয়া থানার হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। সভাটি সঞ্চালনা করেন কাউনিয়া থানার উপপরিদর্শক (এসআই) রমজান আলী।
সভায় পূজামণ্ডপের নেতৃবৃন্দের উদ্দেশে কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল বলেন, শারদীয় দুর্গোৎসবকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজামণ্ডপে আইনশৃঙ্খলা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন সার্বক্ষণিক তৎপর থাকবে।
তিনি আরও বলেন, উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটি ও স্থানীয় বাসিন্দাদের পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি। এ ক্ষেত্রে সবাইকে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
সভায় বক্তব্য দেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) আনোয়ার হোসেন, বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কাউনিয়া উপজেলা শাখার আহ্বায়ক বিজন গোস্বামী বকুল ও সদস্যসচিব রতন কুমার মহন্ত। এ ছাড়া উপজেলার প্রতিটি ইউনিয়নের পূজামণ্ডপ কমিটির পক্ষ থেকে একজন করে প্রতিনিধি বক্তব্য দেন।
সভায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও পূজা উদযাপন কমিটির মধ্যে সার্বক্ষণিক যোগাযোগ ও সমন্বয় বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। উপস্থিত নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, সবার সম্মিলিত সহযোগিতা ও সতর্কতার মাধ্যমে আসন্ন শারদীয় দুর্গোৎসব আনন্দমুখর, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদযাপন করা সম্ভব হবে।
