কাউনিয়া উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন, রোগীদের সুযোগ-সুবিধা বৃদ্ধি এবং হাসপাতালের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কাউনিয়া-পীরগাছা এলাকার সংসদ সদস্য ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি আখতার হোসেন
সভায় চিকিৎসাসেবার মানোন্নয়ন, ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের সুষ্ঠু ব্যবহার, হাসপাতালের পরিচ্ছন্নতা, অগ্নিনিরাপত্তা এবং অবকাঠামোগত বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করা হয়।
সভায় বক্তব্য দেন হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আহসান হাবিব, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. শফিকুল আলম শফিক, থানার অফিসার ইনচার্জ (ওসি) শিহাব উদ্দিন, ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মেহেদী হাসান, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মো. নুহু মিয়া, মুক্তিযোদ্ধা হযরত আলী, ইউপি চেয়ারম্যান আনসার আলী, সরকারি অধ্যাপক আবু রেজা মো. আব্দুল্লাহ ও প্রেসক্লাব কাউনিয়ার সভাপতি নিতাই রায়সহ কমিটির সদস্য ও আমন্ত্রিত অতিথিরা।
বক্তারা বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান ভরসাস্থল। তাই পর্যাপ্ত ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার পাশাপাশি হাসপাতালের পরিচ্ছন্নতা ও রোগীবান্ধব পরিবেশ বজায় রাখা জরুরি। সরকারি সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং হাসপাতালের বিদ্যমান সমস্যাগুলো পর্যায়ক্রমে সমাধানের ওপরও গুরুত্বারোপ করেন তারা।
সভায় সাধারণ মানুষ যাতে হয়রানি ছাড়াই প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান এবং উপজেলা পর্যায়ে স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়।
সভা শেষে সংসদ সদস্য আখতার হোসেনসহ অতিথিরা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও চিকিৎসাসেবা কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তারা রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার খোঁজখবর নেন এবং হাসপাতালের আসবাবপত্র, অবকাঠামো ও সার্বিক পরিবেশ ঘুরে দেখেন। পাশাপাশি রোগীদের বিভিন্ন সুবিধা-অসুবিধার বিষয়েও সরেজমিনে অবগত হন।
