কুড়িগ্রামের চিলমারীতে বাল্য বিবাহ নিরোধ ও সচেতনতা বৃদ্ধিতে আলোচনা সভা

0

মোঃ হাফিজুর রহমান (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলাধীন নয়ারহাট ইউনিয়নে বাল্যবিবাহ নিরোধ ও কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য উন্নয়নে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা বিএনপির সদস্য সচিব ও কুড়িগ্রাম জেলা পরিষদ প্রশাসক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ এবং কুড়িগ্রাম সিভিল সার্জন ডা. স্বপন কুমার বিশ্বাস।

আলোচনা সভায় বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব, বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার, শিক্ষক, জনপ্রতিনিধি ও সমাজের সচেতন মানুষের ভূমিকা এবং কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সুরক্ষার বিভিন্ন দিক নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি। এটি কিশোর-কিশোরীদের শিক্ষা, স্বাস্থ্য, মানসিক বিকাশ ও ভবিষ্যৎ সম্ভাবনাকে বাধাগ্রস্ত করে। তাই বাল্যবিবাহ প্রতিরোধে শুধু প্রশাসনিক উদ্যোগ নয়, পরিবার ও সমাজের সম্মিলিত সচেতনতা ও দায়িত্বশীল ভূমিকা প্রয়োজন।

একই সঙ্গে কিশোর-কিশোরীদের মানসিক চাপ, হতাশা, পারিবারিক ও সামাজিক নানা সমস্যার বিষয়ে তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ, প্রয়োজনীয় পরামর্শ এবং সহায়তা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়।

বিশেষ করে দুর্গম ও নদীবেষ্টিত এলাকার কিশোর-কিশোরীদের শিক্ষা অব্যাহত রাখা, বাল্যবিবাহের ঝুঁকি থেকে সুরক্ষা দেওয়া এবং তাদের সুস্থ-স্বাভাবিক বিকাশের জন্য স্থানীয় পর্যায়ে সচেতনতা কার্যক্রম আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

সচেতনতামূলক এ আলোচনা সভায় বাল্যবিবাহমুক্ত সমাজ গঠন এবং কিশোর-কিশোরীদের নিরাপদ, সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

1000180411-1

1000180411

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *