কৃষক কার্ডের মাধ্যমে কৃষি খাতে স্বচ্ছতা আসবে: এমপি খন্দকার আবু আশফাক
সারাদেশের কৃষকদের সরকারি প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে পাইলট পর্যায়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার দোহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের পাশাপাশি দুস্থদের সেলাই মেশিন ও অসচ্ছলদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
সারাদেশের কৃষকদের সরকারি প্রণোদনা সরাসরি পৌঁছে দিতে পাইলট পর্যায়ে ‘কৃষক কার্ড’ বিতরণ কার্যক্রম শুরু করেছে সরকার। এরই অংশ হিসেবে ঢাকার দোহারে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণের পাশাপাশি দুস্থদের সেলাই মেশিন ও অসচ্ছলদের নগদ অর্থ প্রদান করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (১ অক্টোবর ২০২৬) দুপুরে দোহার উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ‘হৃদ লহড়ী’ মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এসব সহায়তা দেয়া হয়। এতে উপজেলা সমাজসেবা কার্যালয়ের অর্থায়নে অসচ্ছলদের নগদ অর্থ এবং উপজেলা পরিষদের অর্থায়নে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। তিনি সুতারপাড়া ইউনিয়নের এক হাজারের বেশি প্রান্তিক কৃষকের হাতে ‘কৃষক কার্ড’ তুলে দেন। একই সঙ্গে দুস্থ পরিবারগুলোর মাঝে সেলাই মেশিন ও আর্থিক সহায়তা হস্তান্তর করেন।
প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন, “কৃষকরাই আমাদের অর্থনীতির প্রাণ। এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা সরাসরি সার, বীজ ও সাহায্য পাবেন। এতে কৃষি খাতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে।”
দোহার উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাঈদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ, উপজেলা কৃষি অফিসার নিয়াজ মোহাম্মাদ মিঠুন, দোহার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ এবং জয়পাড়া বাজার কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সুফলভোগীরা অনুষ্ঠানে অংশ নেন।

