ঢাকার নবাবগঞ্জে মশক নিধনে এমপি খন্দকার আবু আশফাকের বিশেষ উদ্যোগ
ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক নিধনের জন্য ফগার মেশিন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার
ঢাকার নবাবগঞ্জ উপজেলার জনস্বাস্থ্য সুরক্ষায় মশার উপদ্রব নিরসন এবং পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এক বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। নবাবগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে উপজেলার ১৪টি ইউনিয়নে মশক নিধনের জন্য ফগার মেশিন ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়।
আজ ৩০ আগষ্ট, ২০২৬, রোববার, সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার দিলরুবা ইসলাম র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সরঞ্জাম বিতরণ করেন ঢাকা-১ (দোহার-নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।
উপজেলার প্রতিটি কোণে মশার উপদ্রব নিয়ন্ত্রণে আনতে ১৪টি ইউনিয়নের প্রতিনিধিদের হাতে আধুনিক ফগার মেশিন তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য খন্দকার আবু আশফাক বলেন, “বর্ষা ও পরবর্তী সময়ে এলাকায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের ঝুঁকি বেড়ে যায়। প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষ যাতে মশার উপদ্রব থেকে রক্ষা পায় এবং ডেঙ্গু মুক্ত পরিবেশ তৈরি হয়, সে জন্যই প্রতিটি ইউনিয়নে এই ফগার মেশিন প্রদান করা হয়েছে।” তিনি ইউনিয়ন পরিষদের দায়িত্বপ্রাপ্তদের প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় নিয়মিত ওষুধ ছিটানোর কঠোর নির্দেশ দেন।
এ সময় নবাবগঞ্জ উপজেলা সদর এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সংলগ্ন এলাকার বর্জ্য অপসারণ ব্যবস্থা আরও গতিশীল করতে তিনটি ময়লা পরিবহনকারী ভ্যান গাড়ি বিতরণ করা হয়। হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্থানীয় সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে পরিচ্ছন্নতার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে সংসদ সদস্য বলেন, “একটি সুস্থ সমাজ গড়তে পরিচ্ছন্নতার কোনো বিকল্প নেই। উপজেলা পরিষদ ও হাসপাতাল এলাকার ময়লা-আবর্জনা যাতে সঠিক উপায়ে ও দ্রুত সরিয়ে নেওয়া যায়, সে জন্যই এই ভ্যান গাড়িগুলো দেওয়া হলো।”
অনুষ্ঠানে খন্দকার আবু আশফাক নবাবগঞ্জকে একটি আধুনিক, পরিচ্ছন্ন ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি স্থানীয় জনগণকে যেখানে-সেখানে ময়লা-আবর্জনা না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে এবং নিজ নিজ আঙিনা পরিষ্কার-পরিচ্ছন্ন রেখে সরকারি এই উদ্যোগে সাড়া দেওয়ার আহ্বান জানান।
উক্ত ফগার মেশিন ও ভ্যান গাড়ি বিতরণ অনুষ্ঠানে উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, স্থানীয় সুধীজন এবং রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

