তোরাবগঞ্জ বাজারে ইয়াবাসহ ইমন আটক
লক্ষ্মীপুর প্রতিনিধি: মোহাম্মদ নুরুল ইসলাম:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারে ইয়াবা ট্যাবলেটসহ ইমন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) রাত ১০টার দিকে বাজারের রাজধানী হোটেল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই ব্যক্তি বাজারে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন। এ সময় স্থানীয় এক ব্যক্তি তার গতিবিধি লক্ষ্য করে দেখতে পান, তিনি কিছু একটা লুকানোর চেষ্টা করছেন। বিষয়টি জানতে চাইলে ইমন সেখান থেকে পালানোর চেষ্টা করেন। পরে স্থানীয় উৎসুক জনতা তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে দুইটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পরে স্থানীয়রা তাকে একটি গাছের সঙ্গে বেঁধে রেখে কমলনগর থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে স্থানীয়দের উদ্দেশে বলা হয়, মাদক বা ইয়াবাসহ কাউকে আটক করা হলে আইন নিজের হাতে তুলে না নিয়ে দ্রুত পুলিশকে খবর দিতে হবে। কোনো ধরনের মারধর বা হাতাহাতি না করে আটক ব্যক্তিকে পুলিশের কাছে হস্তান্তর করার আহ্বান জানানো হয়।
কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। জনগণকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করতে হবে। মাদকসহ কাউকে আটক করলে আইন নিজের হাতে না তুলে দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করুন। আমরা আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”
পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করা হবে।
