তোরাবগঞ্জ বাজার শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির তালিকা ইউএনওর হাতে হস্তান্তর
মোহাম্মদ নুরুল ইসলাম, লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে গঠিত তোরাবগঞ্জ বাজার শৃঙ্খলা ও উন্নয়ন কমিটির তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাহাতুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়েছে।
বাজারের উন্নয়ন ও শৃঙ্খলা বজায় রাখতে হাজী মসলেহ উদ্দিন মিয়াকে সভাপতি এবং আবদুজ্জাহের ভূঁইয়াকে সদস্য সচিব করে কমিটি গঠন করা হয়। কমিটির উদ্যোগে বাজারের সার্বিক উন্নয়ন নিয়ে একটি আলোচনা সভাও অনুষ্ঠিত হয়।
সভায় বাজারে নাইট গার্ড নিয়োগ, ব্যবসায়ীদের দোকানের নিরাপত্তা নিশ্চিত করা, বাজারের পরিবেশ রক্ষা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। বাজারের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিষয়ে সভায় উপস্থিত সদস্যরা একমত পোষণ করেন।
পরে কমিটির তালিকা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাতুজ্জামানের কাছে হস্তান্তর করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বাজারের উন্নয়নে সবাই একমত হয়ে কাজ করলে দ্রুত ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। বাজারে যেন কোনো অহেতুক বা অনাকাঙ্ক্ষিত কার্যক্রম পরিচালিত না হয়, সেদিকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাজারের উন্নয়নে প্রশাসনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে। বাজারের যেকোনো সমস্যা বা উন্নয়নসংক্রান্ত বিষয় জানানো হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সহযোগিতা অব্যাহত থাকবে।
