দৈনিক সময়ের আলোর সাংবাদিক মোজাহিদের আইডি গায়েব: নেপথ্যে সাইবার হামলা ও কপিরাইটের অপব্যবহা।

সময়ের আলোর সাংবাদিক মোজাহিদের ২ লাখ ফলোয়ারসমৃদ্ধ জনপ্রিয় ফেসবুক আইডিটি সাইবার হামলার শিকার হয়ে গায়েব হয়ে গেছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে ফেসবুক প্ল্যাটফর্মে তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।
জানা গেছে, সম্প্রতি এলাকায় ত্রাসের রাজত্ব সৃষ্টি করার প্রতিবাদে আয়োজিত একটি মানববন্ধনের সংবাদ কাভারেজ করেন সাংবাদিক মোজাহিদ। সংবাদটি ফেসবুকে ব্যাপকভাবে ভাইরাল হওয়ার পর একটি চক্র ভুয়া কপিরাইট (Fake Copyright) স্ট্রাইক মেরে মূল ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সরিয়ে ফেলে। পরবর্তীতে সাংবাদিক মোজাহিদ তাঁর ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে পুরো বিষয়টি সাইবার হামলা হিসেবে উল্লেখ করে স্পষ্ট করেন। তবে এর কিছুক্ষণ পরই, সন্ধ্যা ৬টার পর থেকে তাঁর ফেসবুক আইডিটিও সম্পূর্ণ উধাও হয়ে যায়।
স্থানীয় সচেতন মহল ও প্রত্যক্ষদর্শীদের মতে, সত্য ও সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করায় সাংবাদিকের কণ্ঠরোধ করতেই এই ধরনের নগ্ন অপচেষ্টা চালানো হয়েছে। এর আগেও একাধিকবার তাঁর ব্যক্তিগত আইডি ও অফিশিয়াল পেজে একই ধরনের সাইবার হামলা চালানো হয়েছিল। কিন্তু প্রতিবারই তিনি আইনি ও প্রযুক্তিগত প্রক্রিয়ায় ফিরে এসেছেন।
অনলাইন মাধ্যমে একটি ভিডিও সরিয়ে দেওয়া বা ফেসবুক আইডি বন্ধ করা সম্ভব হলেও মানুষের অধিকার ও সত্যের পক্ষে দাঁড়ানো সাহসী সাংবাদিকতাকে কখনো দাবিয়ে রাখা যায় না। কোনো সংবাদ বা প্রকাশিত তথ্যে আপত্তি থাকলে পেশাদারিত্বের সাথে তা খণ্ডন বা তথ্য-প্রমাণ উপস্থাপনের সুযোগ রয়েছে। কিন্তু তা না করে কপিরাইট আইনের অপব্যবহার ও সাইবার হামলার পথ বেছে নেওয়া স্বাধীন সাংবাদিকতার ওপর সরাসরি আঘাত।
