পীরগাছায় মাদকবিরোধী র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ, ২৯ সদস্যের নতুন কমিটি ঘোষণা
পীরগাছা (রংপুর) প্রতিনিধি:
“মাদককে না বলি, সুস্থ ও সুন্দর সমাজ গড়ি” এবং “খেলাধুলায় বাড়ে বল, সুন্দর সমাজ গড়ি”—এই স্লোগানকে সামনে রেখে রংপুরের পীরগাছায় মাদকবিরোধী সচেতনতামূলক বর্ণাঢ্য র্যালি ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রাখা এবং সুস্থ-সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে ইটাকুমারী ইউনিয়নের ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’ এ আয়োজন করে।
শনিবার বিকেলে ইটাকুমারী ইউনিয়নের কালীগঞ্জ বাজারের প্রধান সড়কগুলোতে মাদকবিরোধী একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। স্থানীয় যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। অংশগ্রহণকারীদের হাতে ছিল মাদকবিরোধী বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড। র্যালিটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কালীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গিয়ে শেষ হয়।
পরে বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে এলাকার ‘বিবাহিত একাদশ’ ও ‘অবিবাহিত একাদশ’ মুখোমুখি হয়। টানটান উত্তেজনা ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচটি উপভোগ করতে মাঠে উপস্থিত হন স্থানীয় শত শত ক্রীড়াপ্রেমী দর্শক। খেলাকে ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
খেলা শেষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাদকবিরোধী প্রতিরোধ কমিটির সভাপতি ও অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেন। কমিটির সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন পীরগাছা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কমিটির প্রধান উপদেষ্টা মো. শরিফুল ইসলাম (ডালেজ)।
প্রধান অতিথির বক্তব্যে তরুণ ও যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষায় নিয়মিত খেলাধুলা ও সুস্থ বিনোদনের ওপর গুরুত্বারোপ করা হয়। তিনি বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও তরুণ প্রজন্মকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে মাদক থেকে দূরে রাখা সম্ভব।
অনুষ্ঠানের একপর্যায়ে অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আলমগীর হোসেনকে সভাপতি এবং মো. আনোয়ারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ‘মাদকবিরোধী প্রতিরোধ কমিটি’র ২৯ সদস্যবিশিষ্ট নতুন পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ও উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ মো. আজিজুল ইসলাম, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. মোজাম্মেল হক, অবসরপ্রাপ্ত সার্জেন্ট মো. আইয়ুব হোসেন, ইটাকুমারী ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মো. তৌহিদুল ইসলাম, ইউপি সদস্য মাহবুব রহমান, আব্দুল মজিদ মিয়া ও হাবিবুর রহমান সুজন।
এছাড়া স্থানীয় শিক্ষাবিদ, চিকিৎসক, ব্যাংকার, সুশীল সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আয়োজন বাস্তবায়নে সক্রিয় ভূমিকা পালন করেন কমিটির সহ-সভাপতি মো. হাচ্ছান সরকার, সহকারী সাধারণ সম্পাদক প্রভাষক মো. রেজওয়ান মিয়া, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মো. মন্নাফ হোসেন ধলু, সাংগঠনিক সম্পাদক মো. সাব্বির হোসেন (সাগর) ও পুনর্বাসন সম্পাদক মো. আরিফুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্যরা।
আলোচনা সভা শেষে অতিথিরা ফুটবল ম্যাচে অংশ নেওয়া বিজয়ী ও বিজিত উভয় দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। আয়োজকেরা জানান, মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি উৎসাহিত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখা হবে।
