পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে ৫১ মনোনয়ন ফরম বিক্রি, হেভিওয়েট প্রার্থীদের অংশগ্রহণ

IMG-20261110-WA0010

পীরগাছা (রংপুর) প্রতিনিধি: উৎসবমুখর পরিবেশ ও ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে রংপুরের পীরগাছা বাজার দোকান মালিক ব্যবসায়ী সমিতির নির্বাচন-২০২৬-এর মনোনয়ন ফরম সংগ্রহ করছেন বিভিন্ন পদের প্রার্থী ও তাঁদের প্রতিনিধিরা। গত সোমবার ও মঙ্গলবার দুই দিনে সমিতির নিজস্ব কার্যালয় থেকে মোট ৫১টি মনোনয়ন ফরম বিক্রি হয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ঘোষিত তফসিল অনুযায়ী পীরগাছা বাজার ব্যবসায়ী সমিতির ২৮টি গ্রুপ বা পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। এতে মোট ৩৩টি প্রতিনিধি পদের বিপরীতে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে বাজারের প্রায় ১ হাজার ২০০ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করে আগামী দিনের নেতৃত্ব নির্বাচন করবেন।

নির্বাচনি তফসিল ঘোষণার পর থেকেই স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও নির্বাচনি আমেজ বিরাজ করছে। মনোনয়ন ফরম বিক্রির প্রথম দিন সোমবার ১৯টি এবং দ্বিতীয় দিন মঙ্গলবার ৩২টি ফরম বিক্রি হয়।

এবারের নির্বাচনে আলোচনায় রয়েছেন বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী। তাঁদের মধ্যে রড-সিমেন্ট গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আমিনুল ইসলাম রাঙা।

এ ছাড়া বিভিন্ন ব্যবসায়ী গ্রুপ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন স্বর্ণ ব্যবসায়ী শিপন সাহা, কসমেটিকস ব্যবসায়ী কনক চৌহান, ওষুধ ব্যবসায়ী আল আমিন বুলেট, আমজাদ হোসেন ও মাহমুদুল হাসান দুলাল, মুদিপণ্য ব্যবসায়ী আব্দুল মান্নান, এনায়েত উর রহমান ও রফিকুল ইসলাম রবি, কাঁচামাল ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, শফিকুল ইসলাম ও আব্দুল করিম, কাঠ ব্যবসায়ী মোস্তাক আহমেদ, হার্ডওয়্যার ও ক্রোকারিজ ব্যবসায়ী মুক্তার রহমান মুক্তা, কনফেকশনারি ব্যবসায়ী ফয়েজ আহমেদ, কাপড় ব্যবসায়ী টিটু মোল্লা, মাছ-মাংস ব্যবসায়ী রফিকুল ইসলাম রবি এবং সার-কীটনাশক ব্যবসায়ী শওকত আলীসহ অনেকে।

নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে তিন সদস্যবিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে। কমিশনের সদস্যরা হলেন পীরগাছা সরকারি কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ ফাহমিদ হাসান রনু, পীরগাছা মহিলা কলেজের প্রভাষক আব্দুল খালেক এবং স্থানীয় টিন ব্যবসায়ী আলম মিয়া।

নির্বাচন সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা প্রকাশ করে বলেন, সকলের সহযোগিতা ও অংশগ্রহণে একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে ব্যবসায়ীদের প্রত্যাশা পূরণের পাশাপাশি পীরগাছা বাজারের ব্যবসায়িক পরিবেশ আরও গতিশীল হবে।

Reporter: