রাজশাহীতে পদ্মা নদীতে পানি বেড়েছে
মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:
রাজশাহীতে পদ্মা নদীর পানি বাড়ায় নদীর চর ও তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হচ্ছে। তবে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি।
রাজশাহী পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১ দশমিক ৩৮ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল।
পানি উন্নয়ন বোর্ডের রাজশাহীর গেজ রিডার এনামুল হক নগরের বড়কুঠি পয়েন্টে প্রতিদিন তিনবেলা পদ্মার পানির উচ্চতা রেকর্ড করেন। তিনি জানান, গত মাসের মাঝামাঝি সময় থেকে পদ্মার পানি বাড়ছে। এর মধ্যে কয়েক দফা পানি কমলেও সেপ্টেম্বরে শুধু বেড়েছে, কমেনি।
সকাল ৬টায় বড়কুঠি পয়েন্টে পানির উচ্চতা ছিল ১৬ দশমিক ৪৬ মিটার। সন্ধ্যা ৬টায় পানি বেড়ে ১৬ দশমিক ৫৪ মিটার হয়।
পানি বাড়তে থাকায় রাজশাহী নগরের শ্রীরামপুর ও পঞ্চবটি এলাকার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পবা, বাঘা ও গোদাগাড়ী উপজেলার চরাঞ্চলের নিম্নভূমিতেও পানি ঢুকেছে। রাজশাহী নগরের ওপারে সম্প্রতি ‘মিনি সুইজারল্যান্ড’ হিসেবে পরিচিতি পাওয়া চরটিও প্লাবিত হয়েছে। গবাদিপশু নিয়ে বেকায়দায় পড়েছেন চরের মানুষ।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, চরাঞ্চলে পদ্মার পানির বিপৎসীমা নির্ধারিত নেই। তবে রাজশাহী নগরের জন্য বিপৎসীমা ১৮ দশমিক ০৫ মিটার। পানি এখনো বিপৎসীমার নিচে রয়েছে।
পদ্মার পানি বাড়ার কারণে, বিকেল বেলা অনেক মানুষের ভীড় দেখা যায় । মুলত পদ্মার পানি দেখা ও বেড়াতে আসেন অনেকে । প্রকৃতির এই অপরূপ দৃশ্য অনেকে ছবি ও ভিডিও করতে দেখা যায় । পর্যটনের অপার সম্ভাবনা এই পদ্মা নদীর পাড় ।
