শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার আশ্বাস, দিনাজপুরে অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার
দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের অন্যতম নেতা ও জেলা কৃষক দলের নেতা মুজিবর রহমান মজিবকে গ্রেপ্তার ও নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ডাকা অনির্দিষ্টকালের অবরোধ প্রত্যাহার করা হয়েছে। শ্রমিকদের তিন দফা দাবি মেনে নেওয়ার প্রশাসনের আশ্বাসের পর মঙ্গলবার (১১ আগস্ট) সন্ধ্যায় অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের আহ্বায়ক মো. আব্দুল কাইয়ুম।
মঙ্গলবার বিকেল ৫টায় দিনাজপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ বিষয়ে একটি জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা বিএনপি, আইনজীবী এবং মোটর পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় শ্রমিকদের উত্থাপিত তিন দফা দাবি নিয়ে আলোচনা হয়। প্রশাসনের পক্ষ থেকে দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হলে শ্রমিক নেতারা অবরোধ প্রত্যাহারের সিদ্ধান্ত নেন।
সভা শেষে দিনাজপুর সদর আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, শ্রমিকদের তিন দফা দাবিই প্রশাসন মেনে নিয়েছে। আগামীকাল বুধবার (১২ আগস্ট) কৃষকদল ও শ্রমিক নেতা মুজিবর রহমান মজিবকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে মুক্তি দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। এ সময় তিনি শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানান।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি বলেন, আগামীকাল বুধবার আইনি প্রক্রিয়ায় মুজিবের জামিন হবে বলে তারা আশাবাদী। একই সঙ্গে সিআইডির কর্মকর্তা নওয়াবুর রহমানকে দিনাজপুর থেকে প্রত্যাহার এবং কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রত্যাহারের বিষয়ে আশ্বাস দেওয়া হয়েছে বলে জানান তিনি।
এর আগে বখতিয়ার আহমেদ কচি বলেন, মুজিব অন্যায় করেছেন—এটি ঠিক। তবে সিআইডি কর্মকর্তার গায়ে হাত তোলার পরিস্থিতি তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাকেও দায়ী করেন তিনি। এ ঘটনায় সিআইডি কর্মকর্তার ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
সভা শেষে শ্রমিক নেতৃবৃন্দ প্রশাসনের আশ্বাসের ভিত্তিতে দিনাজপুরে চলমান অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আনুষ্ঠানিক ঘোষণা দেন।
