ইউআইটিএসের আইন বিভাগে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত

0
1000094889

1000092989ইউনিভার্সিটি অব ইনফরমেশন টেকনোলজি অ্যান্ড সায়েন্সেস (ইউআইটিএস)-এর আইন বিভাগ ও ব্যাচ ৫৬-এর আয়োজনে ‘শরৎকালীন নবীনবরণ ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের রত্নগর্ভা তাহমিনা রহমান মাল্টিপারপাস হলে নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করা হয়। পরে আইন বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. মো. সোহেল রানা-এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ইউআইটিএসের আইন উপদেষ্টা, আইন অনুষদের ডিন ও সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী অধ্যাপক মো. আব্দুল মান্নান ভূঁইয়া।

 

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “আইন পেশা কেবল একটি ক্যারিয়ার নয়, এটি সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠার মহান ব্রত।” ইউআইটিএস থেকে পড়াশোনা শেষ করে বিচার বিভাগ, অ্যাটর্নি সার্ভিস, সুপ্রিম কোর্টসহ দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ক্ষেত্রে সাবেক শিক্ষার্থীরা সুনামের সঙ্গে কাজ করছেন বলেও তিনি উল্লেখ করেন। নবীনদের দক্ষ ও নীতিবান আইনজ্ঞ হিসেবে গড়ে তুলতে বিভাগের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন তিনি।

 

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইউআইটিএসের উপাচার্য অধ্যাপক ড. মো. আবু হাসান ভূঁইয়া বলেন, তথ্যপ্রযুক্তির যুগে আইন শিক্ষার পরিধি আরও বিস্তৃত ও চ্যালেঞ্জিং হয়েছে। শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতা, দেশপ্রেম এবং আধুনিক আইনি গবেষণায় দক্ষতা অর্জনের ওপর তিনি গুরুত্বারোপ করেন।

 

সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফ জামিল। তিনি আইন শিক্ষার্থীদের সততা, নিষ্ঠা ও নিয়মিত শেখার মানসিকতা ধরে রাখার আহ্বান জানান। পাশাপাশি বিচার-বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি একজন শিক্ষার্থীকে ভবিষ্যতে দক্ষ আইনজীবী কিংবা বিচারক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বলে উল্লেখ করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউআইটিএসের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সিরাজ উদ্দিন আহমেদ ও রেজিস্ট্রার মোহাম্মদ কামরুল হাসান। এছাড়া বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের প্রধান, আইন বিভাগের শিক্ষকবৃন্দ, অ্যালামনাই ও শিক্ষার্থীরা অনুষ্ঠানে অংশ নেন।

 

নবীন শিক্ষার্থীদের আনুষ্ঠানিকভাবে স্বাগত জানানোর পাশাপাশি অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী ও অ্যালামনাইদের অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়। আইন বিভাগ ও ব্যাচ ৫৬-এর উদ্যোগে আয়োজিত এ নবীনবরণ নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ও আইন বিভাগের একাডেমিক জীবনের সঙ্গে পরিচিত হওয়ার একটি গুরুত্বপূর্ণ সূচনা হিসেবে অনুষ্ঠিত হয়।

Reporter:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *