কাউনিয়ায় আওয়ামী লীগ নেতাসহ গ্রেফতার ৫

IMG_20261124_175418

কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:

রংপুরের কাউনিয়ায় আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের দুই নেতাসহ বিভিন্ন মামলায় পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যায় নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার টেপামধুপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিশ্বনাথ গ্রামের বাসিন্দা জসমত আলী (৬০) এবং হারাগাছ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য সিট নাজিরদহ গ্রামের বাসিন্দা মাইদুল ইসলাম মুকুল (৩৩)।

পুলিশ জানায়, জসমত আলী ও মাইদুল ইসলাম মুকুল বিভিন্ন সময়ে গোপনে নিষিদ্ধ আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

এদিকে, একই রাতে মাদক মামলায় পূর্বচাঁনঘাট গ্রামের আব্দুল কাদেরের ছেলে রাজু মিয়া (২১) ও খোর্দ্দভূতছাড়া গ্রামের আমির উদ্দিনের ছেলে মশিউর রহমান (২২) এবং পরোয়ানাভুক্ত আসামি পূর্বচাঁনঘাট গ্রামের আতিয়ার রহমানের ছেলে গোলজার হোসেন (২৭)-কে গ্রেফতার করা হয়।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল জানান, গ্রেফতারকৃত পাঁচ আসামিকে মঙ্গলবার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

Reporter: