কাউনিয়ায় ইউপি নির্বাচন সামনে রেখে উপজেলা বিএনপির জরুরি যৌথ সভা অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে এক জরুরি যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম সফি।
সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাংগঠনিক সম্পাদক জামিনুর রহমান ও আলমগীর চৌধুরী লিটন, সাবেক যুগ্ম আহ্বায়ক রাকিবুল হাসান পলাশ, বিভিন্ন ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ উপজেলা ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
এ সময় উপস্থিত ছিলেন বালাপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহজাহান মিয়া ও সাধারণ সম্পাদক শাহজাহান আলী, মধুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি নুরুল ইসলাম ও সম্পাদক মমিন, কুর্শা ইউনিয়ন বিএনপির সভাপতি আলতাব হোসেন ও সম্পাদক ফজলুল হক, হারাগাছ ইউনিয়ন বিএনপির সভাপতি নুর আলম ও সম্পাদক মশিয়ার রহমান, শহীদবাগ ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদ মন্ডল ও সম্পাদক আমজাদ হোসেন এবং সারাই ইউনিয়ন বিএনপির সম্পাদক শাহজাহান আর্মি।
এছাড়াও উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রহিম ও সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোসাব্বের আহমেদ কোয়েল, কৃষক দলের সভাপতি কৃষিবিদ ডা. মো. ফেরদৌস হাসান জনি, ছাত্রদলের আহ্বায়ক তরিকুল ইসলাম ও সদস্য সচিব আপেলসহ তাঁতী দল, মৎস্যজীবী দল ও জাসাসের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে উপজেলার ছয়টি ইউনিয়নে বিএনপির চেয়ারম্যান প্রার্থী নির্বাচনের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। পাশাপাশি নির্বাচনী প্রস্তুতি, সাংগঠনিক কার্যক্রম জোরদার এবং যোগ্য প্রার্থী বাছাইয়ের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন নেতৃবৃন্দ।
সভায় নেতারা আসন্ন নির্বাচনে দলীয় ঐক্য বজায় রেখে সাংগঠনিকভাবে প্রস্তুতি গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
