কাউনিয়ায় ধানের শীষে ভোট চেয়ে যুবদলের গণ সংযোগ
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রংপুর-৪ (কাউনিয়া–পীরগাছা) আসনে নির্বাচনী প্রচারণা ক্রমেই জোরালো হয়ে উঠছে। দ্বিতীয় দিনের মতো একযোগে মাঠে সক্রিয় রয়েছে বিএনপি, এনসিপি, জামায়াতসহ নির্বাচনে অংশগ্রহণকারী বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা।
শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা যুবদলের উদ্যোগে কাউনিয়া উপজেলার প্রাণকেন্দ্র বাসস্ট্যান্ড মোড়সহ আশপাশের এলাকায় ধানের শীষ প্রতীকের পক্ষে ব্যাপক গণসংযোগ ও প্রচারণা চালানো হয়। এ সময় নেতাকর্মীরা সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং ধানের শীষ প্রতীকে ভোট প্রদানের আহ্বান জানান।
প্রচারণায় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ বাবু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন, রংপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সাইদুল ইসলাম, জেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাদিকুল ইসলাম, উপজেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোফা, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক ইন্তাজ আলী, উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক আব্দুল গফুর, উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আকরাম হোসেন অরেঞ্জ, উপজেলা জিয়া মঞ্চের সদস্য সচিব এস আর সোহেলসহ উপজেলা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
প্রচারণাকালে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার, সুশাসন প্রতিষ্ঠা এবং কাউনিয়া–পীরগাছা এলাকার সার্বিক উন্নয়নের স্বার্থে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে সর্বস্তরের জনগণের ঐক্যবদ্ধ সমর্থন ও সক্রিয় অংশগ্রহণ কামনা করেন তারা।
