কাউনিয়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রিতে অর্ধলক্ষ টাকা জরিমানা

0
645643665_4497116457279222_1832763533693574423_n

কাউনিয়া প্রতিনিধি:
রংপুরের কাউনিয়া উপজেলায় মেয়াদোত্তীর্ণ বালাইনাশক বিক্রির দায়ে এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে উপজেলার শহীদবাগ ইউনিয়নের বেইলীব্রীজ বাজারে পরিচালিত এ অভিযানে এ জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা।

অভিযানে ‘সাকি এন্টারপ্রাইজ’-এর স্বত্বাধিকারী সামছুল হক সরকারের দোকানে তল্লাশি চালিয়ে মেয়াদোত্তীর্ণ বালাইনাশক পাওয়া যায়। এছাড়াও সংরক্ষণ ও বিক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়মের প্রমাণ মেলে।

অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা তানিয়া আক্তার কৃষকদের প্রতি বলেন, বালাইনাশক কেনার আগে প্যাকেটের গায়ে মেয়াদ, নিবন্ধন নম্বর ও অনুমোদন যাচাই করুন। কোনো অনিয়ম বা সন্দেহজনক কার্যকলাপ চোখে পড়লে দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করুন। সচেতনতা ও সতর্কতাই পারে প্রতারণা রোধ করতে এবং নিরাপদ কৃষি উৎপাদন নিশ্চিত করতে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা পাপিয়া সুলতানা জানান, ভোক্তা ও কৃষকদের স্বার্থ রক্ষায় নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। মেয়াদোত্তীর্ণ ও অনুমোদনবিহীন কৃষি উপকরণ বিক্রি আইনত দন্ডনীয় অপরাধ। মেয়াদোত্তীর্ণ বালাইনাশকসহ বিক্রয় সংক্রান্ত বিভিন্ন অনিয়মে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে অভিযুক্তকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদন্ডের আদেশ দেওয়া হয়েছে। তিনি ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, কৃষকদের সঙ্গে প্রতারণা বা জনস্বাস্থ্যের ক্ষতি করে এমন কর্মকান্ড বরদাস্ত করা হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

স্থানীয়দের মতে, দীর্ঘদিন ধরে কিছু অসাধু ব্যবসায়ী মেয়াদোত্তীর্ণ ও নিম্নমানের বালাইনাশক বিক্রি করে আসছিল। ভ্রাম্যমাণ আদালতের এমন কঠোর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে এবং সচেতনতা বৃদ্ধি পাবে বলে আশা করছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *