নীলফামারীর বড় মাঠে অবৈধ স্থাপনা উচ্ছেদে কাল অভিযান
প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয়রা
রাব্বি রহমান, নীলফামারী প্রতিনিধি:
নীলফামারীর প্রাণকেন্দ্র বড় মাঠে দীর্ঘদিন ধরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট ও বিভিন্ন স্থাপনা উচ্ছেদে অভিযান পরিচালনার উদ্যোগ নিয়েছে প্রশাসন। আগামীকাল মঙ্গলবার মাঠটিতে এ অভিযান পরিচালনা করা হবে বলে জানা গেছে।
বড় মাঠে দীর্ঘদিন ধরে বিভিন্ন দোকানপাট ও অস্থায়ী স্থাপনা গড়ে ওঠায় মাঠের স্বাভাবিক পরিবেশ ও ব্যবহার ব্যাহত হচ্ছিল। স্থানীয়দের অভিযোগ, এসব অবৈধ স্থাপনার কারণে মাঠের সৌন্দর্য নষ্ট হওয়ার পাশাপাশি খেলাধুলা, বিনোদন এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডেও প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে আনন্দ টেলিভিশনসহ বিভিন্ন জাতীয় পত্রিকা ও গণমাধ্যমে ধারাবাহিকভাবে প্রতিবেদন প্রকাশিত হয়। সংবাদ প্রকাশের পর বিষয়টি প্রশাসনের নজরে আসে। এরই পরিপ্রেক্ষিতে জনস্বার্থে অবৈধ দোকানপাট ও স্থাপনা উচ্ছেদের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
প্রশাসনের এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন স্থানীয় বাসিন্দা ও সচেতন নাগরিকরা। তাদের মতে, বড় মাঠ নীলফামারীর মানুষের দীর্ঘদিনের প্রাণের স্থান। খেলাধুলা, বিনোদন, সামাজিক ও সাংস্কৃতিক বিভিন্ন কর্মকাণ্ডে মাঠটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
স্থানীয়রা বলেন, জনস্বার্থে বড় মাঠকে দখলমুক্ত রাখা জরুরি। উচ্ছেদ অভিযান সুষ্ঠু, নিরপেক্ষ ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালনার পাশাপাশি ভবিষ্যতে যাতে কেউ পুনরায় মাঠের জায়গা দখল করে দোকানপাট বা স্থাপনা নির্মাণ করতে না পারে, সে বিষয়ে প্রশাসনের নিয়মিত নজরদারি প্রয়োজন।
সচেতন মহলের প্রত্যাশা, উচ্ছেদ অভিযানের পর বড় মাঠকে পরিচ্ছন্ন, দখলমুক্ত ও জনসাধারণের জন্য উন্মুক্ত রাখতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নেবে।
স্থানীয়দের মতে, গণমাধ্যমে জনদুর্ভোগ ও জনস্বার্থের বিষয়টি তুলে ধরার পর প্রশাসনের উদ্যোগে তা সমাধানের পথে এগিয়ে যাওয়া গণমাধ্যম ও প্রশাসনের সমন্বিত দায়িত্বশীলতার একটি ইতিবাচক দৃষ্টান্ত।
