পীরগাছায় জমি দেখাশোনা করে বাড়ি ফেরার পথে যুবককে মারধরের অভিযোগ
মোঃ সৈয়দআলী পীরগাছা (রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগাছায় পূর্ববিরোধের জেরে আক্কাছ আলী (৩২) নামে এক যুবককে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর গলা চেপে হত্যার চেষ্টা এবং তাঁর কাছ থেকে ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।রোববার (৩০ আগস্ট) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার অনন্তরাম দশগাঁ কোনাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। আহত আক্কাছ আলী ওই এলাকার জহির মন্ডলের ছেলে। বর্তমানে তিনি পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।এ ঘটনায় আক্কাছ আলী বাদী হয়ে পীরগাছা থানায় একই এলাকার মকবুল হোসেনের ছেলে রাজু মিয়াসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করে লিখিত অভিযোগ দিয়েছেন।অভিযোগ সূত্রে জানা যায়, ঘটনার দিন সন্ধ্যায় বসতবাড়ির পাশের জমি দেখাশোনা করে বাড়ি ফিরছিলেন আক্কাছ আলী। পথে অভিযুক্ত রাজু মিয়ার দোকানের সামনে পৌঁছালে রাজুসহ কয়েকজন তাঁর পথরোধ করেন। এ সময় তাঁকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এর প্রতিবাদ করলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে তাঁকে এলোপাতাড়ি মারধর করেন। একপর্যায়ে অভিযুক্তরা তাঁর গলা চেপে ধরে হত্যার চেষ্টা এবং পকেটে থাকা ২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।আহত আক্কাছ আলী বলেন,“আমি জমি দেখাশোনা করে বাড়িতে ফিরছিলাম। রাজুর দোকানের সামনে আসামাত্র তারা আমার পথরোধ করে গালিগালাজ শুরু করে। প্রতিবাদ করায় কয়েকজন মিলে আমাকে রড ও বাঁশের লাঠি দিয়ে মারধর করে। একপর্যায়ে অভিযুক্তরা আমার গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং পকেট থেকে ২ হাজার টাকা নিয়ে যায়। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।”তিনি আরও জানান, অভিযুক্তদের সঙ্গে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর আগেও অভিযুক্তদের পরিবারের লোকজন তার পরিবারের সদস্যদের মারধর করে আহত করেছিলেন।তবে অভিযোগ অস্বীকার না করে অভিযুক্ত রাজু মিয়া বলেন, “আক্কাছ আলী আমার শ্যালক হয়। প্রায় তিন মাস আগে আক্কাছ আলী আমাকে মারধর করেছিল। ওই ঘটনার জেরেই আমি আক্কাছ আলীকে মারধর করেছি।” তবে গলা চেপে হত্যার চেষ্টা ও টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ সঠিক নয়।এ বিষয়ে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক জানান, “এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
১-৯-২০২৬
