‘বেবি বাম্প’ নয়, পিৎজা! তৃতীয়বার মা হওয়ার জল্পনায় কারিনার জবাব
বলিউডি নায়িকা করিনা কাপুর খান কি তৃতীয়বার মা হতে চলেছেন? জিম থেকে বেরোনোর একটি ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে ঘিরে চলতে তাকে এই জল্পনা।
বিষয়টি নিয়ে কারিনার ননদ সোহা আলি খান কথা বললেও, তিনি কৌতুহল মেটাতে পারেননি। অবশেষে রসিকতা করে মানুষের প্রশ্নের উত্তর দিয়েছেন কারিনা।
সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’ জানিয়েছে, ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে এক ব্যক্তিকে তাঁর ফোলা পেট দেখাতে দেখা যায়। সঙ্গে বাজছিল ‘হাম আপকে হ্যায় কৌন’ সিনেমার জনপ্রিয় গান ‘চকোলেট লাইম জুস’। পোস্টে হাসির এবং পিৎজার ইমোজি যোগ করেন করিনা।
এর মাধ্যমেই করিনা বুঝিয়ে দিয়েছেন, যা ‘বেবি বাম্প’ বা গর্ভাবস্থা বলে ধরে নেওয়া হয়েছিল, সেটি আসলে পিৎজা, পাস্তা এবং ছুটির দিনে জমিয়ে খাওয়াদাওয়ার ফল!
সম্প্রতি জিম থেকে বেরোনোর সময় আলোকচিত্রীদের ক্যামেরায় বন্দি হন কারিনা। ভিডিওতে তার টিমের এক সদস্যকে ছাতা দিয়ে অভিনেত্রীকে আড়াল করতে দেখা যায়।
ছবি ও ভিডিও দেখে কেউ কেউ দাবি করেন, অভিনেত্রীর ‘বেবি বাম্প’ দেখা যাচ্ছে। তার পরেই সাইফ আলি খান ও করিনা তৃতীয় সন্তানের অপেক্ষায় রয়েছেন কি না, তা নিয়ে জল্পনা দ্রুত ছড়িয়ে পড়ে।
অভিনেত্রীর পরিবারের পক্ষ থেকে বলা হয়, করিনা অন্তঃসত্ত্বা নন। সদ্য পারিবারিক ছুটি কাটিয়ে ফিরেছেন তিনি। পিৎজা-পাস্তাসহ নানা খাবারে মজে থাকার কারণেই তার চেহারায় সাময়িক পরিবর্তন দেখা যেতে পারে বলে রসিকতা করেন ঘনিষ্ঠরা।
সাইফের বোন সোহা আলি খান পাতৌদিও এই জল্পনায় বিরক্তি প্রকাশ করেন। তার বক্তব্য ছিল, একটি খারাপ ক্যামেরা অ্যাঙ্গেল বা কোনও একটি দিনের চেহারা দেখে এমন ব্যক্তিগত বিষয়ে সিদ্ধান্তে পৌঁছনো ঠিক নয়।
সোহা মনে করিয়ে দিয়েছিলেন, কয়েক দিন আগেই বিমানবন্দর থেকে বেরোনোর সময় করিনাকে সম্পূর্ণ অন্যরকম দেখাচ্ছিল। শুধু জিমের বাইরের একটি ভিডিও দেখে তার গর্ভাবস্থা নিয়ে অনুমান করাকে অযৌক্তিক বলেই মনে করেন তিনি।
একই সঙ্গে কারিনার ব্যক্তিগত জীবনকে সম্মান করার অনুরোধ করেন সোহা। তার কথায়, কিছু বিষয় ব্যক্তিগতই থাকতে দেওয়া উচিত। অপ্রয়োজনীয় জল্পনার বদলে সবাইকে ‘বাঁচুন এবং বাঁচতে দিন’ নীতি মেনে চলার বার্তাও দেন তিনি।
সম্প্রতি দুই ছেলে তৈমুর আলি খান ও জেহ আলি খানকে নিয়ে পারিবারিক ছুটিতে গিয়েছিলেন সাইফ ও করিনা। ইনস্টাগ্রামে সেই সফরের একাধিক ছবি ভাগ করে নিয়েছিলেন অভিনেত্রী। খাবারের তালিকায় পাস্তা এবং পিৎজার ছবিও দেখা গিয়েছিল।
