মডেল বালাপাড়া ইউনিয়ন গড়ার প্রত্যয়ে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী পলাশ মেম্বার
কাউনিয়া(রংপুর)প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ০৫নং কাউনিয়া বালাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করেছেন বালাপাড়া ইউনিয়নের ৬নং ওয়ার্ডের হ্যাটট্রিক নির্বাচিত জনপ্রিয় মেম্বার এস. এম. আমিরুল ইসলাম পলাশ। তাঁর এই ঘোষণাকে ঘিরে ইতোমধ্যেই ইউনিয়নজুড়ে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ ও আলোচনার পরিবেশ।
দীর্ঘদিনের জনসম্পৃক্ততা ও সেবামূলক কর্মকাণ্ডের ধারাবাহিকতায় পলাশ মেম্বার এখন ইউনিয়নের প্রতিটি প্রান্তে চালিয়ে যাচ্ছেন জোরালো প্রচার-প্রচারণা। রাস্তার মোড়, বাজার, বাসস্ট্যান্ড, রেলস্টেশনসহ জনসমাগমপূর্ণ বিভিন্ন স্থানে শোভা পাচ্ছে তাঁর সমর্থনে ব্যানার, ফেস্টুন ও বিলবোর্ড। পাশাপাশি লিফলেট বিতরণ এবং বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যমে তিনি তুলে ধরছেন তাঁর পরিকল্পনা ও ভবিষ্যৎ স্বপ্ন।
উল্লেখ্য, ২০১১, ২০১৬ ও ২০২১ সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে টানা তিনবার ৬নং ওয়ার্ড থেকে নির্বাচিত হয়ে তিনি টানা ১৫ বছর দায়িত্ব পালন করেছেন। এই দীর্ঘ সময়ে তিনি ওয়ার্ডের রাস্তা-ঘাট, সেতু, শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় উপাসনালয় ও বিভিন্ন গ্রামীণ অবকাঠামো উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে প্রতিটি মসজিদ ও মন্দিরে পাকা টয়লেট নির্মাণ এবং বনগ্রামের পরেশ বাজারে ছাদ ঢালাই ওয়াক্তিয়া মসজিদ নির্মাণ তাঁর উন্নয়ন কর্মকাণ্ডের উল্লেখযোগ্য দৃষ্টান্ত।
স্থানীয় বাসিন্দাদের কাছেও তিনি একজন আস্থাভাজন প্রতিনিধি হিসেবে পরিচিত। বনগ্রামের বাসিন্দা লিপু মিয়া বলেন, “পরেশ বাজারে আগে নামাজ আদায়ের কোনো ব্যবস্থা ছিল না। পলাশ মেম্বার উদ্যোগ নিয়ে সেখানে একটি সুন্দর মসজিদ নির্মাণ করে দিয়েছেন। আমরা তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই।”
একইভাবে সাহাবাজ আমতলার মুদি দোকানি আলমগীর হোসেন জানান, “৬নং ওয়ার্ডের বিভিন্ন স্থানে সোলার স্ট্রিট লাইট স্থাপন করায় আমরা রাতে নিরাপদে ব্যবসা পরিচালনা করতে পারছি। এটি আমাদের জন্য বড় সুবিধা।”
শুধু উন্নয়ন নয়, গ্রাম আদালত কার্যক্রম, স্থানীয় শালিসি বৈঠক এবং জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতেও পলাশ মেম্বারের সক্রিয় উপস্থিতি তাঁকে পুরো বালাপাড়া ইউনিয়নে একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য ব্যক্তিত্বে পরিণত করেছে।
এ বিষয়ে নিজের অবস্থান জানাতে গিয়ে এস. এম. আমিরুল ইসলাম পলাশ বলেন, “বালাপাড়া ইউনিয়নবাসীর ভালোবাসাই আমার শক্তি। বিগত তিন মেয়াদে অর্জিত অভিজ্ঞতা কাজে লাগিয়ে আমি এই ইউনিয়নকে একটি আধুনিক ও মডেল ইউনিয়নে রূপান্তর করতে চাই। আমি সবসময় মানুষের পাশে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো।”
সবমিলিয়ে, আসন্ন নির্বাচনকে ঘিরে পলাশ মেম্বারের প্রার্থিতা ইউনিয়নজুড়ে নতুন প্রত্যাশা ও সম্ভাবনার দিগন্ত উন্মোচন করেছে।
