মাটিভাঙ্গা ইউনিয়নে ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়নের লক্ষ্যে মাটিভাঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা, মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদ চত্বরসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থানে এ কর্মসূচির আওতায় গাছের চারা রোপণ করা হয়।
মাটিভাঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের সেক্রেটারি মো. ইউনুস আলীর ব্যবস্থাপনায় আয়োজিত কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাজিরপুর ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট মো. আবু সাইদ মোল্লা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিভাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম বিলু এবং বিশিষ্ট সমাজসেবক আলহাজ্ব মো. আনিসুর রহমান মল্লিক।
এ সময় আরও উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ মাসুম বিল্লাহ, সেক্রেটারি মোহাম্মদ ইউনুস আলী, আইন সম্পাদক মিহির মন্ডল, সহ-সেক্রেটারি ও যুবনেতা মো. শরিফুল ইসলাম, নির্বাহী পরিষদের সদস্য মো. আজগর আলী, মো. আসর আলী, মাওলানা মো. ইলিয়াছুর রহমান, মাওলানা মো. জসিমসহ ফাউন্ডেশনের অন্যান্য নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষের গুরুত্ব অপরিসীম। জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে।
মাটিভাঙ্গা ইউনিয়ন ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।
