মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারের মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে অবস্থিত ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন মাতারবাড়ী আল্ট্রা-সুপারক্রিটিক্যাল কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র পরিদর্শন করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান।
সফরসূচি অনুযায়ী, আজ রবিবার (৯ আগস্ট ২০২৬) সকাল ১০টা ৪৫ মিনিটে হেলিকপ্টারযোগে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের হেলিপ্যাডে অবতরণ করেন প্রধানমন্ত্রী। পরে তিনি প্রকল্পের প্রশাসনিক ভবনে যান।
সকাল ১১টা থেকে দুপুর ১২টা ১৫ মিনিট পর্যন্ত প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের সার্বিক কার্যক্রম নিয়ে বিস্তারিত ব্রিফিং গ্রহণ করেন। এ সময় প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তারা বিদ্যুৎকেন্দ্রের বর্তমান অবস্থা, বিদ্যুৎ উৎপাদন ও পরিচালন কার্যক্রম, উৎপাদন সক্ষমতা, জ্বালানি সরবরাহ ও ব্যবস্থাপনা, পরিচালন দক্ষতা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তাব্যবস্থা এবং সংশ্লিষ্ট অবকাঠামো সম্পর্কে তাঁকে অবহিত করেন।
এ ছাড়া বিদ্যুৎকেন্দ্রের ভবিষ্যৎ পরিকল্পনা ও উন্নয়ন কার্যক্রম নিয়েও প্রধানমন্ত্রীর কাছে বিস্তারিত তুলে ধরা হয়।
ব্রিফিংকালে প্রধানমন্ত্রী জানতে পারেন, মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রটি শতভাগ দেশীয় প্রকৌশলী ও জনবল দিয়ে পরিচালিত হচ্ছে। এতে সন্তোষ প্রকাশ করে তিনি দেশীয় প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মীদের দক্ষতা ও সক্ষমতার প্রশংসা করেন।
প্রধানমন্ত্রী বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তাব্যবস্থা আরও কার্যকর করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে আধুনিক প্রযুক্তি, দক্ষ জনবল এবং টেকসই ব্যবস্থাপনার ওপর গুরুত্ব দেন।
