মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা মানউন্নয়নে জননী প্রকল্পের সভা কাউনিয়ায়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধিঃ
রংপুরের কাউনিয়ায় মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সেবার টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে জননী প্রকল্পের উপজেলা পর্যায়ের অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কাউনিয়া উপজেলা পরিষদ হলরুমে রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্পের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাপিয়া সুলতানা।
সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা, জননী প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী ফরাজুদ্দুক ভূঁইয়া, এমআইএস কর্মকর্তা আব্দুল্লাহসহ অন্যান্য কর্মকর্তারা। সভায় মূল প্রবন্ধ ও উপস্থাপনা করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. সাহিদুল ইসলাম।
সভায় বক্তারা বলেন, গ্রামীণ জনগোষ্ঠীর কাছে মানসম্মত মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে সরকারি প্রতিষ্ঠান, স্থানীয় জনপ্রতিনিধি এবং উন্নয়ন সহযোগীদের সমন্বিত উদ্যোগ প্রয়োজন। নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, বাল্যবিবাহ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং জরুরি প্রসূতি সেবা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।
এছাড়া জননী প্রকল্পের স্বাস্থ্যসেবামূলক কার্যক্রমের ধারাবাহিকতা ও টেকসই ব্যবস্থা নিশ্চিত করতে ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলোর অবকাঠামোগত উন্নয়ন, প্রয়োজনীয় আসবাবপত্র ও স্বাস্থ্যসেবা উপকরণ সরবরাহে উপজেলা প্রশাসন এবং ইউনিয়ন পরিষদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানরা মাতৃ ও নবজাতকের স্বাস্থ্যসেবার উন্নয়নে জননী প্রকল্পের কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থেকে সহযোগিতা অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
উল্লেখ্য, কোরিয়ার আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (কোইকা)-এর অর্থায়নে এবং সেভ দ্য চিলড্রেনের কারিগরি সহযোগিতায় রিডার্স বাংলাদেশ পরিচালিত জননী প্রকল্প রংপুর অঞ্চলে মাতৃ, নবজাতক, শিশু ও কিশোর-কিশোরীদের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং স্থানীয় স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করতে কাজ করছে।
