রাতের আঁধারে সড়ক সংস্কার, মান নিয়ে শঙ্কায় স্থানীয়রা
মোঃ সৈয়দ আলী পীরগাছা রংপুর প্রতিনিধি: রংপুরের পীরগাছা উপজেলার গুরুত্বপূর্ণ পীরগাছা–পাওটানা সড়কের প্রায় ৯ কিলোমিটার প্রশস্তকরণ ও সংস্কার কাজকে কেন্দ্র করে অনিয়ম ও নিম্নমানের উপকরণ ব্যবহারের অভিযোগ উঠেছে। সোমবার (২২ জুন) গভীর রাত পর্যন্ত চলা সংস্কার কাজ নিয়ে স্থানীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ দেখা দিয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সরকারি অর্থে বাস্তবায়িত এই প্রকল্পে নির্ধারিত মান বজায় রাখা হচ্ছে না, ফলে কাজের গুণগত মান নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, সড়কের বিভিন্ন অংশে গর্ত ভরাট ও বক্স ফিলিংয়ের কাজে বালু ও খোয়ার পরিবর্তে পুরোনো রাস্তার পাথর, ভাঙা ইট, ইটের রাবিশ এবং মাটি ব্যবহার করা হচ্ছে। এ কারণে সংস্কার কাজ শেষ হওয়ার অল্প সময়ের মধ্যেই সড়কটি পুনরায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী। তারা অভিযোগ করেন, দিনের পরিবর্তে রাতের বেলায় কাজ করায় সঠিকভাবে কাজ পর্যবেক্ষণ করাও কঠিন হয়ে পড়ছে।স্থানীয় বাসিন্দারা বলেন, দীর্ঘদিন ধরে সড়কটি বেহাল অবস্থায় থাকায় সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি পেয়েছিলেন। তবে বর্তমানে যেভাবে কাজ চলছে, তাতে কাঙ্ক্ষিত সুফল পাওয়া নিয়ে তারা শঙ্কিত। তাদের দাবি, জনগণের করের টাকায় পরিচালিত উন্নয়ন প্রকল্পে কোনো ধরনের অনিয়ম বরদাশত করা উচিত নয়।অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধি মোস্তাফিজার রহমান লিটন বলেন, কাজে কোনো অনিয়ম হয়নি। যন্ত্রপাতির সাময়িক সমস্যার কারণে রাত পর্যন্ত কাজ চালিয়ে যেতে হয়েছে। নির্ধারিত প্রকৌশলগত মান অনুসরণ করেই কাজ সম্পন্ন করা হচ্ছে।এ বিষয়ে পীরগাছা উপজেলা প্রকৌশলী মো. আসাদুজ্জামান জেমি বলেন, প্রকল্পের কাজ নিয়মিত তদারকির মধ্যে রয়েছে। কিছু অংশে দিনের বেলায় কাজ ব্যাহত হওয়ায় রাতেও কাজ করা হয়েছে। অনিয়মের অভিযোগ পাওয়া গেলে তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।এদিকে স্থানীয় সচেতন মহল দ্রুত ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, কাজের মান যাচাই এবং প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। তাদের মতে, উন্নয়ন কাজের গুণগত মান নিশ্চিত না হলে সরকারি অর্থের অপচয়ের পাশাপাশি জনদুর্ভোগও দীর্ঘস্থায়ী।
