শিক্ষাব্যবস্থা নিয়ে বিগত ১৭ বছরে নানা ছেলেখেলা হয়েছে: কেরানীগঞ্জে রুহুল কবির রিজভী
বিগত ১৭ বছরে দেশের শিক্ষাব্যবস্থা নিয়ে নানা রকম ছেলেখেলা ও অনিয়ম করা হয়েছে, যা শিক্ষার গুণগত মানকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করেছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, শুধু বড়ো বড়ো শিক্ষাপ্রতিষ্ঠান বা অবকাঠামো গড়ে তুললেই শিক্ষার মান বাড়ে না, এর জন্য প্রয়োজন নিবেদিতপ্রাণ শিক্ষক।
শহীদুল ইসলাম শরীফ, স্টাফ রিপোর্টার

আজ শনিবার (১৯ সেপ্টেম্বর, ২০২৬) সকালে ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজে আয়োজিত এসএসসি পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী দেশের শিক্ষাব্যবস্থার আধুনিকায়ন, নারীর ক্ষমতায়ন ও শিক্ষার গুণগত মান নিশ্চিতকরণে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন। তিনি বলেন, “নারীদের শিক্ষিত ও দক্ষ করে গড়ে তোলা হলে পরিবার, সমাজ ও রাষ্ট্র— সব ক্ষেত্রেই ইতিবাচক সুফল পাওয়া যায়। বিএনপি সরকার সবসময়ই নারীর ক্ষমতায়ন ও নারীশিক্ষার প্রসারে স্নাতক (অনার্স) পর্যায় পর্যন্ত অবৈতনিক শিক্ষার সুযোগ নিশ্চিতের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে।”
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত এই সংবর্ধনা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে কেরানীগঞ্জ মহিলা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় রাজনৈতিক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে সম্মাননা, স্মারক ও বৃত্তির অর্থ তুলে দেন প্রধান অতিথিসহ আমন্ত্রিত অতিথিরা।