খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ড, ৮০ বিঘা এলাকা থেকে দুই লাশ উদ্ধার
মো: আল-মাহফুজ শাওন , খুলনা:
খুলনা নগরীতে একই দিনে পৃথক দুটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। এর মধ্যে একজনকে গুলি ও ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে বলে জানা গেছে। অপর ঘটনায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৯ আগস্ট) নগরীর লবণচরা থানাধীন ৮০ বিঘা এলাকায় পৃথক দুটি ঘটনায় দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন—৮০ বিঘা এলাকার খোকনের ছেলে মো. মনজুরুল ইসলাম এবং একই এলাকার মুনীরের ছেলে নাজমুল।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার মাগরিবের নামাজের পরপরই ৮০ বিঘা কালভার্ট এলাকায় মনজুরুল ইসলামকে গুলি ও ছুরিকাঘাত করা হয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় তার বাবা ও এক খালাতো ভাইও আহত হয়েছেন বলে জানা গেছে।
অন্যদিকে, একই এলাকার পৃথক একটি স্থান থেকে নাজমুলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে কীভাবে এবং কারা তাকে হত্যা করেছে, তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি।
একই এলাকায় একই দিনে দুটি মরদেহ উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। ঘটনাগুলোর সঙ্গে একই কোনো চক্র জড়িত কি না, সেটিও খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী।
লবণচরা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ দুটি উদ্ধার করেছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এবং জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত শুরু করেছে। একই সঙ্গে ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেওয়া হচ্ছে।
পুলিশ জানিয়েছে, তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে হত্যাকাণ্ডের কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে।
