সোনাডাঙ্গায় চোরচক্রের ৩ সদস্য গ্রেপ্তার, ব্যাটারি-মোটরসহ ইজিবাইকের সরঞ্জাম উদ্ধার

IMG-20260815-WA0023

মো: আল-মাহফুজ শাওন , খুলনা:

খুলনা নগরীর সোনাডাঙ্গা মডেল থানা পুলিশের অভিযানে ইজিবাইক চুরির সঙ্গে জড়িত অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে ৫টি ১২ ভোল্টের ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার ও একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, শনিবার (১৫ আগস্ট) ভোরে সোনাডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করেন সোনাডাঙ্গা মডেল থানায় কর্মরত এসআই (নিঃ) মো. আলতাফ হোসেন ও সঙ্গীয় পুলিশ সদস্যরা। ভোর ৪টা ৩৫ মিনিটের দিকে অভিযান চালিয়ে মো. আশিক উদ্দিন মোল্লা (২৬)কে গ্রেপ্তার করা হয়। তিনি সোনাডাঙ্গা থানার হাফিজ নগর, মুজগুন্নি মহাসড়ক এলাকার মো. কামাল উদ্দিন মোল্লার ছেলে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, গ্রেপ্তার আশিক উদ্দিন মোল্লাকে জিজ্ঞাসাবাদের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে ভোর ৫টার দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা এলাকা থেকে মো. আরিফুল ইসলাম (৩৭)কে গ্রেপ্তার করা হয়। তিনি গাফতলা এলাকার আব্দুল জলিলের ছেলে।

এরপর একই দিন ভোর ৫টা ১০ মিনিটের দিকে খানজাহান আলী থানাধীন গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকায় অভিযান চালিয়ে মো. আব্দুল হাসান রাজীব (৩৯)কে গ্রেপ্তার করা হয়। তিনি গিলাতলা দক্ষিণপাড়া মক্তব মোড় এলাকার মোবারক হাওলাদারের ছেলে।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার তৃতীয় আসামি আব্দুল হাসান রাজীবের বসতবাড়িতে অভিযান চালিয়ে ১৬০ মডেলের ১২ ভোল্টের ৫টি ব্যাটারি, একটি ইজিবাইক কন্ট্রোলার এবং একটি ইজিবাইক মোটর উদ্ধার করা হয়।

এ ঘটনায় সোনাডাঙ্গা মডেল থানায় দণ্ডবিধির ৩৮০/৪১১/৩৪ ধারায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার তিন আসামিকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া মালামাল চুরি সংক্রান্ত কিনা এবং এর সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে।

Reporter: