রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানকে বাংলাদেশ কংগ্রেসের ফুলেল শুভেচ্ছা
রংপুর প্রতিনিধি:
রংপুরের নবনিযুক্ত জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ইসরাত জাহানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ কংগ্রেস রংপুর জেলা কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়কালে জেলা প্রশাসককে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান বাংলাদেশ কংগ্রেসের নেতারা।
রংপুর জেলা কংগ্রেসের সভাপতি এবং বাংলাদেশ কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মুক্তিযুদ্ধ ও নিরাপত্তাবিষয়ক সম্পাদক মো. সিরাজুল ইসলাম পাটোয়ারীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল জেলা প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় নবনিযুক্ত জেলা প্রশাসক ইসরাত জাহানের সঙ্গে রংপুরের সার্বিক উন্নয়ন, জনকল্যাণমূলক কার্যক্রম ও আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন তারা।
সৌজন্য সাক্ষাৎকালে জেলা কংগ্রেসের সভাপতি মো. সিরাজুল ইসলাম পাটোয়ারী বলেন, রংপুর অঞ্চলের সার্বিক উন্নয়ন, অবহেলিত মানুষের অধিকার রক্ষা এবং সুশাসন প্রতিষ্ঠায় বাংলাদেশ কংগ্রেস কাজ করে যাচ্ছে। জেলা প্রশাসনের স্বচ্ছ, ইতিবাচক ও জনকল্যাণমূলক যেকোনো উদ্যোগে সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর কংগ্রেসের আহ্বায়ক মো. আবু রায়হান, রংপুর জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক মো. মশিউর রহমান, জেলা কংগ্রেস নেতা মো. হাসান আলী, মোছা. সানজিদা আক্তার, শ্রমিক কংগ্রেসের প্রতিনিধি মো. মোস্তফা মিয়াসহ জেলা ও মহানগর কংগ্রেসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সাক্ষাৎকালে জেলা প্রশাসক ইসরাত জাহান বাংলাদেশ কংগ্রেসের নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান। তিনি রংপুরের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নাগরিক সেবা সহজীকরণ এবং জেলার সার্বিক উন্নয়নে রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।
পরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠান শেষ হয়।
