রংপুরে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ১০ দফা দাবি মহিলা পরিষদের
জহির রায়হান কাউনিয়া রংপুর প্রতিনিধিঃ নারী ও মেয়ে শিশুর প্রতি সব ধরনের সহিংসতা প্রতিরোধ, বিচারহীনতার সংস্কৃতি বন্ধ এবং নির্যাতনের শিকার ব্যক্তিদের নিরাপত্তা নিশ্চিত করতে ১০ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখা। একই সঙ্গে ধর্ষণ, গণধর্ষণ, যৌন হয়রানি ও হত্যাসহ নারী নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার ও অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সংগঠনটি। বুধবার (২৫ নভেম্বর) বিকেল ৪টায় রংপুরে বাংলাদেশ মহিলা পরিষদের জেলা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক রুম্মানা জামান বলেন, নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে শুধু আইন প্রণয়ন যথেষ্ট নয়, আইনের যথাযথ প্রয়োগ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি নির্যাতনের শিকার নারী ও শিশুদের নিরাপত্তা, আইনি সহায়তা ও সামাজিক সুরক্ষা নিশ্চিত করা জরুরি।২৫ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ পালন করা হচ্ছে। এবারের প্রতিপাদ্য, ‘নারী ও মেয়ে শিশুর প্রতি সহিংসতা রুখতে এক হও: বিচার ও সুরক্ষা নিশ্চিত কর, বিচারহীনতার অপসংস্কৃতি ভাঙো’। জাতিসংঘের ‘UNiTE to End Violence Against Women and Girls’ কর্মসূচির আওতায় এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।
সংবাদ সম্মেলনে বিভিন্ন পত্রিকায় প্রকাশিত তথ্যের বরাত দিয়ে ২০২৬ সালের জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত নারী ও মেয়ে শিশু নির্যাতনের পরিসংখ্যান তুলে ধরা হয়। এতে বলা হয়, এ সময়ে ২৮৯ জন মেয়ে শিশু ও ১০৯ জন নারী ধর্ষণের শিকার হয়েছে। গণধর্ষণের শিকার হয়েছে ৬৩ জন মেয়ে শিশু ও ৭৪ জন নারী। এ ছাড়া ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২৮ জন মেয়ে শিশু ও ১২ জন নারীকে। ধর্ষণের চেষ্টা করা হয়েছে ১৪০ জন মেয়ে শিশু ও ৩০ জন নারীকে। যৌন হয়রানির শিকার হয়েছে ১৪০ জন মেয়ে শিশু ও ৬৬ জন নারী। বিভিন্ন কারণে ১১৩ জন মেয়ে শিশু ও ৩৭৭ জন নারীসহ মোট ৪৯০ জনের ক্ষতিগ্রস্ত হওয়ার তথ্যও তুলে ধরা হয়। নেতৃবৃন্দ বলেন, নারীর প্রতি সহিংসতা শুধু ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা নয়, এটি সমাজের নিরাপত্তা, মানবাধিকার ও উন্নয়নের সঙ্গে জড়িত। বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক নির্যাতন, সামাজিক বৈষম্য এবং নারীর অর্থনৈতিক অধিকার প্রতিষ্ঠায় প্রতিবন্ধকতা নারীর অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করছে। সংবাদ সম্মেলনে নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে অপরাধের পূর্ণাঙ্গ আইন প্রণয়ন, আইন প্রয়োগকারী সংস্থার জবাবদিহি নিশ্চিত, বিচারব্যবস্থা ও পুলিশ প্রশাসনকে কার্যকর করা এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নির্যাতনের শিকার ব্যক্তিদের জন্য আশ্রয়, চিকিৎসা, আইনি সহায়তা ও সামাজিক কাউন্সেলিংয়ের ব্যবস্থা করার আহ্বান জানানো হয়। এ ছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে নারী ও শিশুর প্রতি হয়রানি ও বিদ্বেষমূলক বক্তব্য বন্ধ, সাইবার সহিংসতা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ, সম্পদ ও সম্পত্তিতে নারীর অধিকার এবং উত্তরাধিকার আইন বিষয়ে সচেতনতা বাড়ানোর দাবি জানায় সংগঠনটি। বাল্যবিবাহ, যৌতুক ও বৈষম্যমূলক সামাজিক প্রথা বন্ধে উদ্যোগ নেওয়ার পাশাপাশি ২০১৭ সালের বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ শর্ত বাতিল, স্থানীয় পর্যায়ে মনিটরিং সেল গঠন এবং বিদ্যালয় থেকে ঝরে পড়া মেয়েদের শিক্ষায় ফিরিয়ে আনতে প্রণোদনার দাবিও তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে আগামী দিনের কর্মসূচি ঘোষণা করা হয়। এর মধ্যে রয়েছে ২৫ নভেম্বর ফেসবুক প্রোফাইল পিকচার পরিবর্তন ও সচেতনতামূলক লিফলেট বিতরণ, ৩০ নভেম্বর তরুণ প্রজন্মের সঙ্গে মতবিনিময়, ৮ ডিসেম্বর বৈষম্যমূলক আইন ও করণীয় বিষয়ে অংশীজনদের সঙ্গে মতবিনিময় এবং ১০ ডিসেম্বর সৃজনশীল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি। সংবাদ সম্মেলনে বাংলাদেশ মহিলা পরিষদ রংপুর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাহবুবা আরা লীনা, সাধারণ সম্পাদক রুম্মানা জামান,
সহ-সাধারণ সম্পাদক মাহমুদা চৌধুরী, আন্দোলন সম্পাদক ফারজানা সরকার, সাংগঠনিক সম্পাদক লিপিকা রানি, প্রশিক্ষণ গবেষণা ও পাঠাগার সম্পাদক ফারিয়া রহমান,অর্থ সম্পাদক তাহেরা ইসলামসহ সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
