খুলনা জেলা জামায়াতের নতুন কমিটি ঘোষণা, আমীর কবীরুল ইসলাম ও সেক্রেটারি মিজানুর রহমান

IMG-20261116-WA0003

মো: আল-মাহফুজ শাওন, খুলনা:

বাংলাদেশ জামায়াতে ইসলামী খুলনা জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে জেলা আমীর নির্বাচিত হয়েছেন মাওলানা কবীরুল ইসলাম এবং সেক্রেটারি হয়েছেন মুন্সী মিজানুর রহমান।

সোমবার (১৬ নভেম্বর) সকালে খুলনা নগরীর সোনাডাঙ্গায় জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নতুন কমিটির নাম ঘোষণা করেন কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা অঞ্চল টিমের সদস্য মাওলানা আবুল কালাম আজাদ এমপি।

নতুন কমিটিতে নায়েবে আমীর হিসেবে দায়িত্ব পেয়েছেন মাওলানা গোলাম সরোয়ার। সহকারী সেক্রেটারি মনোনীত হয়েছেন মুন্সী মইনুল ইসলাম, অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস ও গাওসুল আজম হাদী।

জেলা কর্মপরিষদের সদস্য হিসেবে রয়েছেন হাফেজ মো. আমিনুল ইসলাম, অ্যাডভোকেট লিয়াকত আলী সরদার, শেখ সিরাজুল ইসলাম, মাওলানা আমিনুল ইসলাম, অধ্যাপক মোস্তফা আল মুজাহিদ, মিয়া মুজাহিদুল ইসলাম, মো. আশরাফুল আলম, মাওলানা আবু ফয়সাল, অধ্যাপক আব্দুর রব, অ্যাডভোকেট আবু ইউসুফ মোল্লা, ডা. আব্দুল্লাহ, রবিউল ইসলাম ফয়সল ও অধ্যাপক আব্দুল আলিম মোল্লা।

এ ছাড়া জেলা মহিলা কর্মপরিষদে স্থান পেয়েছেন অধ্যাপক আয়নুন নাহার আনজু, ফয়জুন নাহার পাঠান, আয়শা ছিদ্দিকাহ্, শাহনাজ সুলতানা, উম্মে আসমা, মাহমুদা ফারজানা, তানিয়া রহমান, হালিমা খাতুন, আকলিমা রহমান, পারভিন আক্তার ও রাশেদারা রাশু।

দলীয় সূত্রে জানা গেছে, এর আগে জেলার রুকনদের প্রত্যক্ষ ভোটে জেলা আমীর ও শূরা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ভোট পেয়ে মাওলানা কবীরুল ইসলাম জেলা আমীর নির্বাচিত হন। নির্বাচনে ৪১ জন পুরুষ ও ২৫ জন নারী শূরা সদস্য নির্বাচিত হয়েছেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবুল কালাম আজাদ এমপি তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করার ওপর গুরুত্ব দেন। ইউনিয়ন, ওয়ার্ড ও গ্রাম পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি মানুষের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং অধিকার আদায়ে ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

খুলনার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। চুরি, ছিনতাই, চাঁদাবাজি ও সন্ত্রাসী কর্মকাণ্ড বৃদ্ধির অভিযোগ তুলে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ দাবি করেন। অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

এ সময় তিনি নেতাকর্মীদের ধৈর্যশীল, বিচক্ষণ ও জনমুখী ভূমিকা পালনের আহ্বান জানান। মহানবী হজরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের আদর্শ অনুসরণ করে সমাজে ন্যায়বিচার, ইনসাফ ও শান্তি প্রতিষ্ঠায় কাজ করার পাশাপাশি প্রতিহিংসার পরিবর্তে দাওয়াত ও ভ্রাতৃত্বের মনোভাব নিয়ে মানুষের কাছে ইসলামের বার্তা পৌঁছে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন।

Reporter: