ঐতিহ্যবাহী কাউনিয়া কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:
উৎসবমুখর পরিবেশ, ফুলেল শুভেচ্ছা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক আয়োজনের মধ্য দিয়ে রংপুরের কাউনিয়া উপজেলার ঐতিহ্যবাহী ও জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী শিক্ষাপ্রতিষ্ঠান কাউনিয়া কলেজে একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে কলেজ ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রাণবন্ত হয়ে ওঠে পুরো ক্যাম্পাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মো. সফিকুল আলম (সফি)। সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. ফারুক আজম।
অনুষ্ঠানে বক্তব্য দেন কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাদল কুমার মণ্ডল, সহকারী অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান এবং পরিচালনা পর্ষদের সদস্য সরকার আবু ফেরদৌস মো. মহসীন (হীরা), সহকারী অধ্যাপক সফিকুল ইসলাম, ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান আশেক সিদ্দিক পরাগ, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল জলিল, কলেজ ছাত্রদলের সভাপতি আলেফনুর হোসেন ও রাফিয়া রায়হান।
বক্তারা বলেন, কলেজজীবন শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনের অন্যতম গুরুত্বপূর্ণ সময়। এ সময়কে কাজে লাগিয়ে পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা, সততা ও মানবিক মূল্যবোধে নিজেদের সমৃদ্ধ করতে হবে। শুধু ভালো ফলাফল কিংবা সনদ অর্জন নয়, বরং জ্ঞান ও নৈতিকতার সমন্বয়ে দেশ ও সমাজের জন্য যোগ্য নাগরিক হিসেবে গড়ে ওঠাই শিক্ষার মূল উদ্দেশ্য।
তাঁরা নবীন শিক্ষার্থীদের নিয়মিত ক্লাসে উপস্থিতি, মনোযোগ দিয়ে পড়াশোনা এবং সহশিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণের আহ্বান জানান। একই সঙ্গে কাউনিয়া কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য, সুনাম ও অর্জন ধরে রাখার জন্য শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় কলেজের শিক্ষক, অভিভাবক, নবীন শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে গান, নাচসহ বিভিন্ন পরিবেশনা উপস্থিত অতিথি ও শিক্ষার্থীদের মুগ্ধ করে। নবীনদের আনন্দ-উচ্ছ্বাস ও বর্ণিল আয়োজনে দিনটি উৎসবমুখর হয়ে ওঠে।
