বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি :
সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয় করে তিন মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৯টায় বিশ্বনাথ উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান সারাদেশে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেন। এর অংশ হিসেবে বিশ্বনাথ উপজেলায়ও আনুষ্ঠানিকভাবে কর্মসূচি শুরু হয়।
বিশ্বনাথ উপজেলা প্রশাসনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা।
এ সময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ বিন কাশেম, বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ গাজী মো. মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী আবদুল হাই, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, দৌলতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাফিজ আরব খান, দশঘর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমাদ উদ্দিন খান এবং অলংকারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতিকুর রহমান লিটন।
এছাড়াও বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিকদল, মহিলা দল, জাসাস, জিয়া সংসদ, জিয়া মঞ্চ, জিসাস, সাইবার দল, জিয়া ফোর্সসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধে সবাইকে নিজ নিজ বাড়ি, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার আহ্বান জানানো হয়। একই সঙ্গে কোথাও যেন পানি জমে মশার বংশবিস্তার না ঘটে, সেদিকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়।
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, তিন মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি কমাতে নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ও জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।
