রূপসায় গলাকেটে যুবককে হত্যা

IMG-20260815-WA0026

মো: আল-মাহফুজ শাওন , খুলনা: 

খুলনার রূপসা উপজেলায় জয় ঢালী (২৭) নামে এক যুবককে গলাকেটে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার (১৫ আগস্ট) রাত সোয়া ৯টার দিকে উপজেলার আইচগাতি ইউনিয়নের দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত জয় ঢালী দুর্জনীমহল গ্রামের বাসিন্দা আক্তার ঢালীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত সোয়া ৯টার দিকে জয় ঢালী দুর্জনীমহল গ্রামের একটি চায়ের দোকানের সামনে অবস্থান করছিলেন। এ সময় কয়েকজন দুর্বৃত্ত সেখানে এসে তার ওপর হামলা চালায়। একপর্যায়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে জয় ঢালীর গলায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে স্থানীয়রা জানান।

হামলার পর দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হত্যাকাণ্ডের বিষয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, কী কারণে জয় ঢালীকে হত্যা করা হয়েছে এবং এ হত্যাকাণ্ডের সঙ্গে কারা জড়িত—তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। পূর্বশত্রুতা, বিরোধ কিংবা অন্য কোনো কারণে এ হত্যাকাণ্ড ঘটেছে কি না, তা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং হত্যার প্রকৃত রহস্য উদঘাটনের দাবি জানিয়েছেন।

খুলনার পুলিশ সুপার মোহাম্মদ তাজুল ইসলাম হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।

হত্যাকাণ্ডের ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। তদন্ত শেষে হত্যার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।

Reporter: